বাহরাইনে অনুমতি ছাড়া কাজ, দুই নারী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৯
বাহরাইনে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ছাড়া ঘণ্টাভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার অপরাধে দুই প্রবাসী নারীকে ১০ দিনার করে জরিমানা এবং তিন বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের পুরুষ নিয়োগকর্তাকেও অনুমতি ছাড়া কাজের সুযোগ দেওয়ায় ২ হাজার দিনার জরিমানা করা হয়েছে।
এক নারী রায়ের বিরুদ্ধে তিন দফা আপিল করলেও নিম্ন আদালত, সুপ্রিম ক্রিমিনাল আপিল আদালত ও ক্যাসেশন আদালত আগের রায় বহাল রাখেন। এলএমআরএর তদন্তে ইনস্টাগ্রামে ঘণ্টাভিত্তিক গৃহকর্মী সরবরাহের বিজ্ঞাপন পাওয়ার পর কর্মকর্তারা যোগাযোগ করে দুই নারীকে কাজে পাঠানোর ব্যবস্থা করেন এবং ঘটনাস্থলে তাদের শনাক্ত করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।
কর্তৃপক্ষ পরিবারগুলোকে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে গৃহকর্মী নিয়োগ এবং কর্মীদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার আহ্বান জানিয়েছে। এলএমআরএর সর্বশেষ তালিকা অনুযায়ী, বাহরাইনে ১২০টি অনুমোদিত জনশক্তি নিয়োগকারী সংস্থা রয়েছে।
logo-1-1740906910.png)