সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের সংবাদ সম্মেলন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯
বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে সৌদি আরবের আল কাসিম প্রদেশে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আয়োজকরা দাবি করেন, পাসপোর্ট-সংক্রান্ত সেবা ও তথ্য ব্যবস্থাপনা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা উচিত।
তাদের তিনটি প্রধান দাবি হলো— নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধ করা, পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠানের হাতে রাখা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা।
আয়োজকদের ভাষ্য, পাসপোর্টে থাকা নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে গেলে এর নিরাপত্তা ও অপব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তাই তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় দেশীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসীদের এই প্রতিবাদকে কেন্দ্র করে বাংলাদেশের পাসপোর্ট সেবার ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
logo-1-1740906910.png)
