মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ সেপ্টেম্বর ২০২৬
বাহরাইনে বাসাবাড়িতে শ্রমিকদের গাদাগাদি বসবাস, বাড়ছে উদ্বেগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৫
বাহরাইন
বাহরাইনে বাসাবাড়িতে শ্রমিকদের গাদাগাদি বসবাস, বাড়ছে উদ্বেগ
বাহরাইনের পুরনো মুহাররাক এলাকায় ভাড়া বাসায় অতিরিক্ত সংখ্যক প্রবাসী শ্রমিক বসবাস করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মুহাররাক মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য আবদুল কাদের মাহমুদ জানিয়েছেন, কিছু ভাড়াটিয়া একটি বাসার এক রুমে ১০ থেকে ১৫ জন শ্রমিকের কাছে ভাড়া দিচ্ছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, কোনো ভাড়াটিয়া প্রায় ১০০ বাহরাইনি দিনারে একটি বাড়ি ভাড়া নিয়ে পরে ১০ থেকে ১৫ জন শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে প্রায় ২০ দিনার করে নিতে পারেন। অনেক বাড়ির মালিকও তাদের বাসাবাড়িতে আসলে কতজন ভাড়াটিয়া, তা জানেন না। দিনের বেলায় পরিদর্শকরা গেলে শ্রমিকরা কাজে বাইরে থাকায় অনেক সময় বাড়িগুলো খালি দেখা যায়, ফলে বিষয়টি ধরা পড়ে না। কাউন্সিল সদস্য স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক অতিরিক্ত বসবাস ও অবৈধভাবে ঘর বা বেড ভাড়া দেওয়ার ঘটনা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পুরনো ও পরিত্যক্ত, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো নিয়েও উদ্বেগ রয়েছে। এসব বাড়িতে অনুপ্রবেশকারী ঢুকে অবৈধ কর্মকাণ্ড চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বাড়ির মালিক একাধিক উত্তরাধিকারী হওয়ায় মেরামত বা ভবন ভেঙে ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে।
সৌদি আরব
সাগরে আটকে পড়া ২ বাংলাদেশিকে উদ্ধার সৌদি কোস্ট গার্ডের
সৌদি আরবের মক্কা অঞ্চলে সাগরে আটকে পড়া
দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির বর্ডার গার্ড। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে,
সমুদ্রে বিপদে পড়ার খবর পেয়ে বর্ডার গার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই
বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করে। পরে তাদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
সৌদি বর্ডার গার্ড জানিয়েছে, সমুদ্রসীমায় বিপদে পড়া মানুষদের উদ্ধারে তাদের উদ্ধার
ও নিরাপত্তা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সমুদ্রে যাত্রা বা নৌযান ব্যবহারের
সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার এবং কোনো ধরনের বিপদে পড়লে জরুরি সহায়তার জন্য দ্রুত
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাড়ছে জ্বরজারি, বাড়ছে ভ্যাকসিনের চাহিদা
সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খুলতেই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ভাইরাসজনিত অসুস্থতা বাড়তে শুরু করায় ফ্লু ভ্যাকসিনের চাহিদা বেড়ে গেছে। ৩১ আগস্ট নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর দেশটির বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিভাবকদের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সন্তানদের ফ্লু থেকে সুরক্ষিত রাখতে আগেভাগে টিকা দিতে চাইছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা স্কুলে ফেরার প্রায় দুই সপ্তাহ পর সাধারণত ভাইরাসের সংক্রমণ বাড়তে দেখা যায়। এবারো তাদের মধ্যে ফ্লু ও অন্যান্য ভাইরাস জ্বরের ঘটনা দেখা যাচ্ছে। ভ্রমণ শেষে দেশে ফেরা মানুষদের মাধ্যমেও বিভিন্ন ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। স্কুলে স্টুডেন্টদের ঘনিষ্ঠ মেলামেশার কারণে সংক্রমণ দ্রুত ছড়ানোর ঝুঁকি থাকে। চিকিৎসকরা ফ্লু মৌসুমের আগে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ইউএইতে ছয় মাস বয়স থেকে শিশুদের প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ফ্লু টিকা দেওয়ার পরামর্শ রয়েছে। জ্বরজারি এই সময়ে কেবল শিক্ষার্থী নয়, বাসিন্দাদের মধ্যেও তা ছড়ানোর ঝুঁকি থাকে। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
কুয়েত
কুয়েতে মদ কারখানার খোঁজ, ৪ ভারতীয় গ্রেপ্তার
কুয়েতের জাহরা এলাকায় একটি পশুর খামারের
ভেতরে রীতিমতো মদের ফ্যাক্টরি বানিয়ে বিপাকে পড়েছেন চার ভারতীয়। পুলিশ তাদের সবাইকে
গ্রেপ্তার করেছে। দেশটির ক্রিমিনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স সেক্টর জানিয়েছে, আবদালি রোডের
কাছে একটি খামারকে ব্যবহার করে একটি চক্র গোপনে মদ উৎপাদন করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে
নিরাপত্তা কর্মকর্তারা ওই স্থানে অভিযান চালালে চার ভারতীয়কে আটক করা হয়। সেখানে মদ
তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের
সময় অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে
আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে তারা দীর্ঘদিন ধরে ওই
স্থানে অবৈধভাবে মদ উৎপাদনের সঙ্গে জড়িত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কুয়েতে
মদ তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পাচার আইনত নিষিদ্ধ। আর তার শাস্তিও কঠিন। আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
logo-1-1740906910.png)