এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ; কবে থেকে চালু?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে বড় পরিবর্তন আসছে। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) শিগগিরই চালু করতে যাচ্ছে ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এই ভিসার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকেরা একবার ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত; এই ছয়টি উপসাগরীয় দেশে ভ্রমণ করতে পারবেন। ইউরোপের সেনজেন ভিসার মতোই এই ব্যবস্থায় এক ভিসায় একাধিক দেশে যাতায়াতের সুযোগ থাকবে।
জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভিসাটি শিগগিরই কার্যকর হবে। তবে এর খরচ, মেয়াদ বা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
২০২৩ সালের অক্টোবরে জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের বৈঠকে একীভূত পর্যটন ভিসার প্রস্তাব অনুমোদিত হয়। পরের মাসে স্বরাষ্ট্রমন্ত্রীরাও এ প্রস্তাবে সম্মতি দেন। ২০২৫ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মাররি জানান, ভিসাটি অনুমোদিত হয়েছে এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তিনি একক ভিসা ব্যবস্থাকে আঞ্চলিক সংহতি জোরদার এবং উপসাগরীয় অঞ্চলকে একটি একক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
আল-বুদাইউই আরো জানান, উপসাগরীয় দেশগুলোর মধ্যে মানুষের চলাচল সহজ করতে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ‘সিঙ্গেল-পয়েন্ট এয়ার ট্রাভেল’ প্রকল্প। এই ব্যবস্থায় যাত্রীরা বাহরাইনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে আবুধাবি, দুবাই বা শারজাহে পৌঁছানোর পর আর অভিবাসন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এ প্রকল্পের পরীক্ষামূলক ধাপ চালু হয়।
একীভূত পর্যটন ভিসা এবং একক স্থানে ভ্রমণ প্রক্রিয়া দুটি আলাদা উদ্যোগ। প্রথমটি বিদেশি পর্যটকদের জন্য পুরো অঞ্চলে চলাচল সহজ করবে, আর দ্বিতীয়টি উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের যাতায়াতকে আরো দ্রুত ও সুবিধাজনক করবে।
logo-1-1740906910.png)