সৌদি আরবকে কেন্দ্র করে শিগগিরই চালু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ইউনিফায়েড গালফ ট্যুরিস্ট ভিসা। এর মাধ্যমে বিদেশি পর্যটকরা একটি ভিসা নিয়েই সৌদি আরবসহ ছয়টি উপসাগরীয় দেশে ভ্রমণ করতে পারবেন। জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইয়ি জানিয়েছেন, নতুন এই ভিসা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এটি খুব শিগগিরই চালু হবে।
ভিসাটি চালু হলে পর্যটকরা সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে একই ভিসা ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে একজন পর্যটককে প্রতিটি দেশে ভ্রমণের জন্য আলাদা ভিসা বা প্রবেশের অনুমতি নিতে হয়, কিন্তু নতুন ব্যবস্থায় এই প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে সৌদি আরবকে কেন্দ্র করে গালফ অঞ্চলে ভ্রমণ করতে আগ্রহী পর্যটকদের জন্য এটি বড় ধরনের সুবিধা তৈরি করবে।
জিসিসি মহাসচিবের মতে, একক এই ভিসা ছয়টি দেশের মধ্যে পর্যটন ও যাতায়াত বাড়ানোর পাশাপাশি পুরো গালফ অঞ্চলকে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পর্যটন খাতের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)