মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ সেপ্টেম্বর ২০২৬
বাহরাইনে গাড়িচালকদের জন্য সস্তায় পেট্রোলের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮
বাহরাইন
বাহরাইনে গাড়িচালকদের জন্য সস্তায় পেট্রোলের দাবি
বাহরাইনে গাড়িচালকদের জন্য পেট্রোলের দাম কমানোর দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। তারা বলেছেন, জ্বালানির বর্তমান দামের কারণে সাধারণ গাড়িচালকদের ওপর অতিরিক্ত খরচের চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে প্রতিদিন কর্মস্থল, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা মানুষদের মাসিক ব্যয় বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মোটরচালকদের কিছুটা স্বস্তি দিতে পেট্রোলের দাম কমানোর বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সংসদ সদস্যদের মতে, জ্বালানির দাম কমানো হলে শুধু গাড়িচালকরাই উপকৃত হবেন না, বরং পরিবহন খরচ কমার কারণে পণ্য ও বিভিন্ন সেবার ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তারা মনে করছেন, জ্বালানির মূল্য সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে সরকারের আরো কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তন বিবেচনা করে স্থানীয়ভাবে পেট্রোলের মূল্য নির্ধারণের বিষয়টি পুনরায় পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। গাড়িচালকদের ওপর আর্থিক চাপ কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন সংসদ সদস্যরা। তাদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমাতে কম দামে পেট্রোল সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
সৌদি আরব
সৌদি থেকে এক ভিসায় ৬ গালফ দেশে ভ্রমণ
সৌদি আরবকে কেন্দ্র করে শিগগিরই চালু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ইউনিফায়েড গালফ ট্যুরিস্ট ভিসা। এর মাধ্যমে বিদেশি পর্যটকরা একটি ভিসা নিয়েই সৌদি আরবসহ ছয়টি উপসাগরীয় দেশে ভ্রমণ করতে পারবেন। জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইয়ি জানিয়েছেন, নতুন এই ভিসা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এটি খুব শিগগিরই চালু হবে। ভিসাটি চালু হলে পর্যটকরা সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে একই ভিসা ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে একজন পর্যটককে প্রতিটি দেশে ভ্রমণের জন্য আলাদা ভিসা বা প্রবেশের অনুমতি নিতে হয়, কিন্তু নতুন ব্যবস্থায় এই প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে সৌদি আরবকে কেন্দ্র করে গালফ অঞ্চলে ভ্রমণ করতে আগ্রহী পর্যটকদের জন্য এটি বড় ধরনের সুবিধা তৈরি করবে। জিসিসি মহাসচিবের মতে, একক এই ভিসা ছয়টি দেশের মধ্যে পর্যটন ও যাতায়াত বাড়ানোর পাশাপাশি পুরো গালফ অঞ্চলকে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পর্যটন খাতের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত
ইউএইতে ফ্লাইটে ভোগান্তি, বাড়ছে বাতিল-বিলম্ব
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি বিমানবন্দর থেকে বেশির ভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে চললেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত সমস্যার কারণে কিছু ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। বিশেষ করে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার কারিগরি সমস্যার কারণে আমিরাত-যুক্তরাজ্য রুটে বেশ কয়েকটি ফ্লাইটে বিঘ্ন দেখা দিয়েছে। ইতিহাদ এয়ারওয়েজের লন্ডন হিথ্রো-আবুধাবি ফ্লাইট EY64 বাতিল হয়েছে, আর EY66 ও EY68 ফ্লাইটে বিলম্বের আশঙ্কা রয়েছে। এদিকে এমিরেটসের যুক্তরাজ্যগামী ও যুক্তরাজ্য থেকে আসা কিছু ফ্লাইটও যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান NATS-এর কারিগরি সমস্যার কারণে প্রভাবিত হয়েছে। এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার কিছু ফ্লাইট বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী চললেও কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ফ্লাইদুবাই যাত্রীদের বিমান ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো, অনলাইনে চেক-ইন করা এবং যাত্রার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে। এয়ার অ্যারাবিয়ার শারজাহ ও আবুধাবি থেকে কুয়েত ও বাহরাইনগামী কয়েকটি ফ্লাইটও বাতিল হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনও ইউএই ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রেখেছে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে, নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে।
কুয়েত
কুয়েতে ৭ হাজার শিক্ষকের চাকরি বাতিল
কুয়েতে সরকারি স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাওয়ায় প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শিক্ষকের মধ্যে বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষকরাও রয়েছেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে মোট ৭ হাজার ১৯ জন শিক্ষকের চুক্তি বাতিল করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেক শিক্ষক সরকারি ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে চাকরি শেষ করার নোটিশ পেয়েছেন। চাকরি হারানো শিক্ষকদের মধ্যে ১ হাজার ৫৫১ জন পুরুষ এবং ৫ হাজার ৪৬৮ জন নারী। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কুয়েতের সরকারি স্কুলগুলোতে বিভিন্ন বিষয় ও শিক্ষাস্তর মিলিয়ে প্রায় ৩৩ হাজার ২৬৮ জন অতিরিক্ত শিক্ষক রয়েছেন। তাই স্কুলের প্রকৃত প্রয়োজন অনুযায়ী শিক্ষক সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কুয়েত সরকারের বছরে প্রায় ৪ কোটি ২০ লাখ কুয়েতি দিনার বেতন খরচ কমবে বলে জানানো হয়েছে। আরবি, ইংরেজি, ইসলামিক শিক্ষা, চারুকলা, সংগীত, গণিত, বিজ্ঞান ও শারীরিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিষয়ে পর্যাপ্ত কুয়েতি নাগরিক শিক্ষক হিসেবে পাওয়া যাচ্ছে, সেসব পদে স্থানীয় নাগরিকদের নিয়োগ দেওয়া হবে। তবে যেসব বিষয়ে এখনো শিক্ষক প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে বিদেশি শিক্ষক নিয়োগ অব্যাহত থাকবে। চাকরি বাতিল হওয়া শিক্ষকদের নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য অধিকার ও সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
logo-1-1740906910.png)