Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

জেদ্দায় ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭

জেদ্দায় ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় "Bangladesh SME showcase: Premium products for Saudi Market" শীর্ষক এক সেমিনার ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার বাংলাদেশের এসএমই খাতের সম্ভাবনা, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন।

কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন বলেন, সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের বিশাল চাহিদা রয়েছে। এ ধরনের উদ্যোগ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি সংযোগ ঘটাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।

জেদ্দা চেম্বার অব কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বন্দর রেদা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য স্থানীয় বাজারে সুযোগ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রদর্শনীতে বাংলাদেশের প্রিমিয়াম মানের পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, সিরামিক ও প্রক্রিয়াজাত খাদ্য প্রদর্শন করা হয়, যা সৌদি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সৌদি ভিশন ২০৩০-এর সাথে সামঞ্জস্য রেখে রপ্তানি পণ্য বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হয়। অনলাইন ও সরাসরি উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ দূতাবাস, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, এফবিসিসিআই এবং জেদ্দা চেম্বারসহ উভয় দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এতে অংশ নেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই শোকেস সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি ও আস্থা বাড়াতে একটি মাইলফলক হয়ে থাকবে।

Logo