Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ৬৭ বছরের বেশি কর্মীদের চাকরি শেষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪১

কুয়েতে ৬৭ বছরের বেশি কর্মীদের চাকরি শেষ

কুয়েতে সমবায় সমিতি ও ইউনিয়নগুলোতে ৬৭ বছরের বেশি বয়সী কর্মীদের চাকরি শেষ করার নির্দেশ দিয়েছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সমবায় সমিতি ও ইউনিয়নগুলোকে ৬৭ বছরের বেশি বয়সী কর্মীদের শনাক্ত করে প্রচলিত আইন, বিধি ও সিদ্ধান্ত অনুযায়ী তাদের চাকরি শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে। 

একই সঙ্গে এ সিদ্ধান্তের আওতায় পড়া সব কর্মীকে তাদের পূর্ণ আর্থিক ও চাকরিসংক্রান্ত প্রাপ্য সুবিধা পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের আলজারিদা পত্রিকার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয়ের নির্দেশনা সব সমবায় সমিতির কাছে পৌঁছে দিতে ইউনিয়ন অব কো-অপারেটিভ সোসাইটিজকে বলা হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রমাণও মন্ত্রণালয়ে জমা দিতে হবে। 

পাশাপাশি এই সিদ্ধান্তের আওতায় থাকা কর্মীদের একটি তালিকা ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমবায় খাতে কর্মসংস্থান ব্যবস্থা আরো সুশৃঙ্খল করা, কর্মী পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণ ও যোগ্য কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কুয়েত ভিশন ২০৩৫-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Logo