সৌদিতে কর্মীদের ভিন্ন কাজ করালে নিয়োগকর্তার জেল-জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮
সৌদি আরবে নিজস্ব কর্মীদের অন্য কারো অধীনে কাজ করার সুযোগ দেওয়া কিংবা কর্মীদের নিজেদের হিসাবের অতিরিক্ত কাজ করার অনুমতি দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের ঘটনায় নিয়োগকর্তার সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নতুন কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে। সৌদি কর্তৃপক্ষের আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি বাস্তবায়নের অংশ হিসেবে এই সতর্কতা দেওয়া হয়েছে।
দেশটির নিয়ম অনুযায়ী, কোনো কর্মী যে ব্যবস্থা বা নিয়োগের অধীনে আইনগতভাবে সৌদিতে কাজ করছেন, তার বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করা কিংবা নিজের হিসাবে কাজ করার সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মীদের এসব বিধিবিধান সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সাধারণ মানুষকেও কোনো ধরনের লঙ্ঘন চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে।
logo-1-1740906910.png)