Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল রাতে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনায় নিহত প্রবাসীরা হলেন করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম। দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী নিহত চারজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

Logo