মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে কর্মীদের ভিন্ন কাজ করালে নিয়োগকর্তার জেল-জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩
বাহরাইন
বাহরাইনে ই-স্কুটার চালকদের জন্য নতুন সতর্কতা
বাহরাইনে ই-বাইক ও ই-স্কুটার ব্যবহারকারীদের ট্রাফিক আইন ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এসব নিয়ম জানা জরুরি। নতুন নির্দেশনা ই-বাইক ও ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। এগুলো চালানো যাবে অভ্যন্তরীণ সড়কে; মহাসড়ক, ৫০ কিলোমিটারের বেশি গতিসীমার সড়ক, গাড়ির লেন, সড়কের কাঁধ ও জরুরি লেনে চলাচল নিষিদ্ধ। তাছাড়া ১৬ বছরের নিচে ই-বাইক চালানোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ই-বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। ই-স্কুটার চালানোর ক্ষেত্রেও হেলমেটসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। একই সঙ্গে বিপরীতমুখী হয়ে চালানো, অতিরিক্ত যাত্রী বহন কিংবা পথচারী ও অন্য যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করে এমনভাবে চালানো নিষিদ্ধ। কর্তৃপক্ষ সতর্ক করেছে, নিয়ম ভঙ্গ করলে জরিমানা, যানবাহন জব্দ এবং গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে। জব্দ করা যানবাহন সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত আটক রাখার বিধানও রয়েছে। প্রবাসীদের তাই রাস্তার সুবিধাজনক মনে হলেই ই-স্কুটার চালানো নয়। নির্ধারিত সড়ক, গতি ও নিরাপত্তা বিধি মেনেই চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরব
সৌদিতে কর্মীদের ভিন্ন কাজ করালে নিয়োগকর্তার জেল-জরিমানা
সৌদি আরবে নিজস্ব কর্মীদের অন্য কারো অধীনে কাজ করার সুযোগ দেওয়া কিংবা কর্মীদের নিজেদের হিসাবের অতিরিক্ত কাজ করার অনুমতি দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের ঘটনায় নিয়োগকর্তার সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নতুন কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে। সৌদি কর্তৃপক্ষের আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি বাস্তবায়নের অংশ হিসেবে এই সতর্কতা দেওয়া হয়েছে। দেশটির নিয়ম অনুযায়ী, কোনো কর্মী যে ব্যবস্থা বা নিয়োগের অধীনে আইনগতভাবে সৌদিতে কাজ করছেন, তার বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করা কিংবা নিজের হিসাবে কাজ করার সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মীদের এসব বিধিবিধান সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সাধারণ মানুষকেও কোনো ধরনের লঙ্ঘন চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে এপ্রিল পর্যন্ত থাকবে এল নিনোর প্রভাব
সংযুক্ত আরব আমিরাতে এল নিনোর প্রভাব ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি শক্তিশালীভাবে অবস্থান করছে এবং ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এটি অব্যাহত থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ। জলবায়ু মডেলগুলোর পূর্বাভাস বলছে, ২০২৬ সালের অক্টোবর ও নভেম্বরের মধ্যে এল নিনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং নিনো ৩.৪ অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা অত্যন্ত শক্তিশালী এল নিনো পরিস্থিতির ইঙ্গিত দেয়। ফলে আমিরাতের ক্ষেত্রে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত মৌসুমি গড়ের কাছাকাছি বা তার চেয়ে বেশি থাকতে পারে এবং পূর্বাভাসের শেষদিকে উল্লেখযোগ্য আবহাওয়াজনিত কার্যক্রমের সম্ভাবনা রয়েছে। এল নিনো ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস থাকলেও এর প্রভাব আমিরাতে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এল নিনো হলো মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা পর্যায়ক্রমে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনা, যা বিশ্বজুড়ে বায়ুমণ্ডলীয় প্রবাহ, তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন আনতে পারে।
ওমান
ওমানে ট্রাফিক জরিমানা ছাড়ের নামে প্রতারণা
ওমানে ট্রাফিক জরিমানায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলে অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া বার্তা, ওয়েবসাইট ও লিংক সম্পর্কে জনগণকে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, এসব অননুমোদিত প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণার শিকার না হতে অচেনা বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করার এবং যাচাইহীন উৎস থেকে পাওয়া তথ্য উপেক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নাগরিক ও বাসিন্দাদের সব ধরনের সরকারি তথ্য ও খবর শুধুমাত্র পুলিশের যাচাইকৃত অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক অনলাইন কার্যক্রম বা প্রতারণামূলক লিংক নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে রয়্যাল ওমান পুলিশ। ফলে সতর্ক থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের।
কুয়েত
কুয়েতে ৬৭ বছরের বেশি কর্মীদের চাকরি শেষ
কুয়েতে সমবায় সমিতি ও ইউনিয়নগুলোতে ৬৭ বছরের বেশি বয়সী কর্মীদের চাকরি শেষ করার নির্দেশ দিয়েছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সমবায় সমিতি ও ইউনিয়নগুলোকে ৬৭ বছরের বেশি বয়সী কর্মীদের শনাক্ত করে প্রচলিত আইন, বিধি ও সিদ্ধান্ত অনুযায়ী তাদের চাকরি শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে। একই সঙ্গে এ সিদ্ধান্তের আওতায় পড়া সব কর্মীকে তাদের পূর্ণ আর্থিক ও চাকরিসংক্রান্ত প্রাপ্য সুবিধা পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের আলজারিদা পত্রিকার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয়ের নির্দেশনা সব সমবায় সমিতির কাছে পৌঁছে দিতে ইউনিয়ন অব কো-অপারেটিভ সোসাইটিজকে বলা হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রমাণও মন্ত্রণালয়ে জমা দিতে হবে। পাশাপাশি এই সিদ্ধান্তের আওতায় থাকা কর্মীদের একটি তালিকা ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমবায় খাতে কর্মসংস্থান ব্যবস্থা আরো সুশৃঙ্খল করা, কর্মী পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণ ও যোগ্য কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কুয়েত ভিশন ২০৩৫-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)