Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রিয়াদ প্রবাসীদের দাবি: বিদেশিদের হাতে পাসপোর্ট সেবা তুলে দেবেন না

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭

রিয়াদ প্রবাসীদের দাবি: বিদেশিদের হাতে পাসপোর্ট সেবা তুলে দেবেন না

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বন্ধের দাবি জানিয়েছে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহল।

৫ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো, সালেহ আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত। তাদের পাসপোর্ট সেবা সহজ করতে বিভিন্ন অঞ্চলে বায়োমেট্রিক ও ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবা কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সময়ে নাগরিকদের তথ্য একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। পাসপোর্টের মতো সংবেদনশীল সেবার সঙ্গে যুক্ত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে তথ্য পাচার ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট সেবার পাইলট প্রকল্প দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে— এমন আলোচনা চলছে বলেও দাবি করেন তারা। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।

পরে বিদেশিদের হাতে পাসপোর্ট সেবা না দেওয়ার দাবিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

আয়োজকদের দাবি, পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগও বাড়বে।

Logo