মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে রিয়েল এস্টেট ব্যবসায় মিথ্যা তথ্য দিলে বড় জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩
বাহরাইন
বাহরাইনে ছিনতাইয়ের কবলে বাংলাদেশি
বাহরাইনে দুই ব্যক্তির বিরুদ্ধে দুজনকে অপহরণ, জোর করে আটকে রাখা, মারধর এবং ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে উচ্চ ফৌজদারি আদালতে বিচার শুরু হয়েছে। অভিযোগে বলা হয়, সালমাবাদ এলাকায় ৩৪ বছর বয়সী দুই আসামির একজন ৪২ বছর বয়সী এক বাংলাদেশি চালককে কৌশলে দেখা করার জন্য ডেকে নেন। সেখানে যাওয়ার পর দুই আসামি ওই বাংলাদেশিকে মারধর করে জোর করে তাদের গাড়িতে তুলে নেন। এ সময় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে প্রথম আসামি ছুরি দেখিয়ে বাংলাদেশি চালকের মোবাইল ফোন নিয়ে নেন। ওই ফোন ব্যবহার করে তিনি ৩৪ বছর বয়সী এক রুশ নারীর সঙ্গে যোগাযোগ করে তার অবস্থান জানতে পারেন। পরে ওই নারী আল হুরায় একটি নির্দিষ্ট স্থানে এলে তাকেও মারধর করে জোর করে গাড়িতে তোলা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে প্রথম আসামির বাসায় নিয়ে গিয়ে পুলিশ পৌঁছানো পর্যন্ত আটকে রাখা হয়। পুলিশ প্রথম আসামির কাছ থেকে বাংলাদেশি চালকের মোবাইল ফোনও উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে দুই আসামিই ঘটনার কিছু অংশে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পাবলিক প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে জোরপূর্বক ছিনতাই, অপহরণ, ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে আটক এবং হামলার অভিযোগ এনেছে। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।
সৌদি আরব
সৌদিতে রিয়েল এস্টেট ব্যবসায় মিথ্যা তথ্য দিলে বড় জরিমানা
সৌদি আরবে রিয়েল এস্টেট লেনদেনের ক্ষেত্রে ভুল বা মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার প্রস্তাব করেছে জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি বা জেডএটিসিএ। এ বিষয়ে ‘রিয়েল এস্টেট ট্রানজেকশন ট্যাক্স’ আইনের সংশোধিত বিধিমালার খসড়া প্রকাশ করে জনসাধারণের মতামত চাওয়া হয়েছে, যার জন্য ৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইস্তিতলা প্ল্যাটফর্মে মতামত দেওয়া যাবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আইন বা বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে জরিমানা হতে পারে প্রযোজ্য করের পরিমাণ অথবা ৫০ হাজার রিয়াল। যেটির পরিমাণ বেশি, সেই পরিমাণ অর্থই পরিশোধ করতে হতে পারে। পাশাপাশি রিয়েল এস্টেট লেনদেন নিবন্ধন না করলে ৫ হাজার থেকে ৫০ হাজার রিয়াল, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ট্যাক্স নথি ও রেকর্ড সংরক্ষণ না করলে ৫ হাজার থেকে ৫০ হাজার রিয়াল এবং পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সহযোগিতা না করা বা প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হলে ১ হাজার থেকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য হলো রিয়েল এস্টেট ট্রানজেকশন ট্যাক্স সংক্রান্ত লঙ্ঘন ও শাস্তির বিষয়গুলো আরো স্পষ্ট করা, প্রয়োগের প্রক্রিয়ায় একই রূপ আনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা
ওমান
ওমানে সেপ্টেম্বর থেকে বাড়তে পারে মৌসুমি জ্বর
ওমানে মৌসুমি জ্বরের প্রকোপ সেপ্টেম্বরের শুরু থেকেই বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানের উপ-ক্রান্তীয় জলবায়ুর কারণে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস সারা বছরই দেশে সক্রিয় থাকতে পারে। তবে সাধারণত সেপ্টেম্বর থেকে ফ্লু বা জ্বরের সংক্রমণ আরো বেড়ে যায় এবং এই প্রবণতা পরবর্তী বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। এ কারণে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত সময়কে ফ্লু বিস্তারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মৌসুমি ইনফ্লুয়েঞ্জা সচেতনতা কর্মসূচির মাধ্যমে জনগণকে ফ্লুর সময়কাল, সংক্রমণের বিস্তার এবং এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছে। কর্তৃপক্ষের পরামর্শ হলো, ফ্লুর প্রকোপ বাড়ার এই সময়ে মানুষ যেন সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকে এবং নিজেদের ও আশপাশের মানুষের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলে।
কুয়েত
কুয়েতে নিরাপত্তা অভিযানে আটক ৪৫ জন প্রবাসী
কুয়েতের আল-সালমি স্ক্র্যাপ ইয়ার্ড ও আমঘারা এলাকায় আইন লঙ্ঘনকারীদের ধরতে বিশেষ নিরাপত্তা অভিযান চালানো হয়েছে।অভিযানে মোট ৭২ জনকে আটক করেছে দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর। জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অপারেশন্স ডিপার্টমেন্ট পরিচালিত এই অভিযানে বিভিন্ন ধরনের রেসিডেন্সি, শ্রম ও অন্যান্য আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করা হয়। এর মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে লেবার ল' ও রেসিডেন্সি বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে ২২ জন রেসিডেন্সি ল’-এর ২০ নম্বর আর্টিকেল ভঙ্গের কারণে এবং আরো তিনজনের নাম আগে থেকেই পলাতকের তালিকায় ছিল। এছাড়া দুটি পৃথক ডিজেল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়ম ভঙ্গ করে রাস্তায় পণ্য বিক্রির অভিযোগে আরো দুজন স্ট্রিট ভেন্ডরকে আটক করা হয়েছে। অভিযানে একজন কুয়েতি নাগরিককেও মাদক-সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
logo-1-1740906910.png)