সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে আমিরাতের সহায়তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশে ইউএই দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, “বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করা এবং তাদের পাশে থাকাই এই সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য।”
সাম্প্রতিক বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। খাদ্য, বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। ইউএই সরকারের এই উদ্যোগ তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করছে এবং দুর্ভোগ কিছুটা লাঘব করছে।
সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা শুধু দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নয়, বরং বাংলাদেশ ও ইউএইর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকারই এই উদ্যোগকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
logo-1-1740906910.png)