আমিরাতে গৃহকর্মী ক্যাটাগরিতে ১৯ পেশার তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৬
সংযুক্ত আরব আমিরাতে গৃহকর্মী বা ডমেস্টিক ওয়ার্কার ক্যাটাগরির আওতায় থাকা ১৯টি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকারি প্ল্যাটফর্ম, যেখানে হাউসমেইড, নাবিক, নিরাপত্তাকর্মী, রাখাল, জকি, পশু প্রশিক্ষক, বাজপাখি পরিচর্যাকারী, সাধারণ কর্মী, হাউসকিপার, রাঁধুনি, ন্যানি বা বেবিসিটার, কৃষিকর্মী বা চাষি, মালি, পার্সোনাল ট্রেইনার বা কোচ, প্রাইভেট টিউটর, হোম নার্স, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রাইভেট অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার এবং ব্যক্তিগত বা পারিবারিক ড্রাইভার অন্তর্ভুক্ত রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মানবসম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয় বা MOHRE-এর লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে নিয়োগ করতে হবে। একই সঙ্গে আইনে গৃহকর্মীদের বেশ কিছু অধিকার নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সপ্তাহে একটি বেতনসহ ছুটির দিন, প্রতিদিন অন্তত ১২ ঘণ্টা বিশ্রাম যার মধ্যে ৮ ঘণ্টা টানা বিশ্রাম, বছরে ৩০ দিনের বেতনসহ বার্ষিক ছুটি, প্রতি দুই বছরে নিজ দেশে যাওয়া-আসার টিকিট, নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ, উপযুক্ত বাসস্থান ও খাবার এবং বছরে সর্বোচ্চ ৩০ দিনের অসুস্থতাজনিত ছুটি, যার প্রথম ১৫ দিন পূর্ণ বেতন ও পরের ১৫ দিন অর্ধেক বেতনে দেওয়ার বিধান রয়েছে; পাশাপাশি কর্মীর পাসপোর্ট ও অন্যান্য ব্যক্তিগত পরিচয়পত্র তার নিজের কাছেই থাকার অধিকার রয়েছে।
নিয়োগকর্তাকে উপযুক্ত বাসস্থান, খাবার ও পোশাক দিতে হবে, চিকিৎসার খরচ বা স্বাস্থ্যবীমার ব্যবস্থা করতে হবে, কর্মীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তার সম্মতি ছাড়া নির্ধারিত কাজের বাইরে অন্য পেশায় নিয়োজিত করা যাবে না। আইন ভঙ্গ করলে শাস্তিও কঠোর। কিছু অপরাধে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ও ২০ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানার বিধান করা হয়েছে।
logo-1-1740906910.png)