Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন-সৌদির পথে নতুন সুবিধা, কজওয়ে পার হবে ট্যাক্সি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

বাহরাইন-সৌদির পথে নতুন সুবিধা, কজওয়ে পার হবে ট্যাক্সি

বাহরাইন ও সৌদি আরবের মধ্যে যাতায়াতে এবার আরো বড় সুবিধা চালু হচ্ছে। ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুমোদিত ও লাইসেন্সধারী বাহরাইনি এবং সৌদি ট্যাক্সি যাত্রী নিয়ে কিং ফাহাদ কজওয়ে পার হয়ে দুই দেশের মধ্যে চলাচল করতে পারবে। বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি এবং সৌদি কর্তৃপক্ষের সমন্বয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য স্থলপথে বাহরাইন ও সৌদি আরবের মধ্যে যাতায়াতের সুযোগ আরো বাড়বে এবং ভ্রমণ হতে পারে আরো সহজ, নমনীয়, নিরাপদ ও কার্যকর। 

বাহরাইনের ল্যান্ড ট্রান্সপোর্ট ও পোস্টাল সার্ভিসেস বিষয়ক আন্ডার সেক্রেটারি ফাতিমা আবদুল্লাহ আল-দায়েন জানিয়েছেন, কজওয়ে দিয়ে ট্যাক্সি চলাচলের অনুমতি দুই দেশের মানুষের চলাচল আরো সহজ করবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সমন্বয় আরো শক্তিশালী করবে।তবে এই ট্যাক্সি চলাচল নির্ধারিত নিয়ম, অনুমোদিত কাঠামো ও প্রয়োজনীয় শর্ত মেনেই পরিচালিত হবে এবং বাহরাইন ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে প্রক্রিয়াগুলো সমন্বয় করবে, যাতে কজওয়ে দিয়ে যাত্রী পরিবহনের নতুন এই সেবা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালিত হয়। যেসব প্রবাসী নিয়মিত সৌদি বাহরাইন যাতায়াত করেন, তাদের জন্য এই সুবিধা কাজের হতে পারে। 

Logo