Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইন-সৌদির পথে নতুন সুবিধা, কজওয়ে পার হবে ট্যাক্সি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৫

বাহরাইন-সৌদির পথে নতুন সুবিধা, কজওয়ে পার হবে ট্যাক্সি

বাহরাইন-সৌদির পথে নতুন সুবিধা, কজওয়ে পার হবে ট্যাক্সি

বাহরাইন ও সৌদি আরবের মধ্যে যাতায়াতে এবার আরো বড় সুবিধা চালু হচ্ছে। ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুমোদিত ও লাইসেন্সধারী বাহরাইনি এবং সৌদি ট্যাক্সি যাত্রী নিয়ে কিং ফাহাদ কজওয়ে পার হয়ে দুই দেশের মধ্যে চলাচল করতে পারবে। বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি এবং সৌদি কর্তৃপক্ষের সমন্বয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য স্থলপথে বাহরাইন ও সৌদি আরবের মধ্যে যাতায়াতের সুযোগ আরো বাড়বে এবং ভ্রমণ হতে পারে আরো সহজ, নমনীয়, নিরাপদ ও কার্যকর। বাহরাইনের ল্যান্ড ট্রান্সপোর্ট ও পোস্টাল সার্ভিসেস বিষয়ক আন্ডার সেক্রেটারি ফাতিমা আবদুল্লাহ আল-দায়েন জানিয়েছেন, কজওয়ে দিয়ে ট্যাক্সি চলাচলের অনুমতি দুই দেশের মানুষের চলাচল আরো সহজ করবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সমন্বয় আরো শক্তিশালী করবে।তবে এই ট্যাক্সি চলাচল নির্ধারিত নিয়ম, অনুমোদিত কাঠামো ও প্রয়োজনীয় শর্ত মেনেই পরিচালিত হবে এবং বাহরাইন ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে প্রক্রিয়াগুলো সমন্বয় করবে, যাতে কজওয়ে দিয়ে যাত্রী পরিবহনের নতুন এই সেবা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালিত হয়। যেসব প্রবাসী নিয়মিত সৌদি বাহরাইন যাতায়াত করেন, তাদের জন্য এই সুবিধা কাজের হতে পারে।  

সৌদি আরব

সৌদিতে গোপন ব্যবসা বন্ধে অভিযানে ২৩৯ মামলা 

সৌদি আরবে বাণিজ্যিক গোপন ব্যবসা বা ‘কমার্শিয়াল কভার-আপ’ ঠেকাতে দেশজুড়ে কঠোর অভিযান চালানো হচ্ছে। আগস্ট মাসে সৌদি আরবের ন্যাশনাল প্রোগ্রাম টু কমব্যাট কমার্শিয়াল কনসিলমেন্টের পক্ষ থেকে পুরো দেশে মোট ৫ হাজার ১৬১টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়। আর এসব অভিযানে বাণিজ্যিক গোপন কর্মকাণ্ডের সন্দেহে ২৩৯টি মামলা শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সৌদি আরবের অ্যান্টি-কনসিলমেন্ট আইনে এমন অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং আদালতের চূড়ান্ত রায়ের পর অবৈধভাবে অর্জিত অর্থ জব্দ ও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া, ব্যবসা লিকুইডেট করা, কমার্শিয়াল রেজিস্ট্রেশন বাতিল, ভবিষ্যতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা, প্রযোজ্য জাকাত, ফি ও কর আদায়, অপরাধের তথ্য প্রকাশ এবং বাণিজ্যিক গোপন কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের সৌদি আরব থেকে বহিষ্কার করে ভবিষ্যতে কাজের জন্য ফেরার ওপর নিষেধাজ্ঞার মতো অতিরিক্ত শাস্তিও দেওয়া যেতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরিদর্শনের মূল লক্ষ্য ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইন ও বিধিবিধান মেনে চলছে কিনা, তা যাচাই করা। ফলে সৌদি প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গৃহকর্মী ক্যাটাগরিতে ১৯ পেশার তালিকা প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে গৃহকর্মী বা ডমেস্টিক ওয়ার্কার ক্যাটাগরির আওতায় থাকা ১৯টি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকারি প্ল্যাটফর্ম, যেখানে হাউসমেইড, নাবিক, নিরাপত্তাকর্মী, রাখাল, জকি, পশু প্রশিক্ষক, বাজপাখি পরিচর্যাকারী, সাধারণ কর্মী, হাউসকিপার, রাঁধুনি, ন্যানি বা বেবিসিটার, কৃষিকর্মী বা চাষি, মালি, পার্সোনাল ট্রেইনার বা কোচ, প্রাইভেট টিউটর, হোম নার্স, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রাইভেট অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার এবং ব্যক্তিগত বা পারিবারিক ড্রাইভার অন্তর্ভুক্ত রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মানবসম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয় বা MOHRE-এর লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে নিয়োগ করতে হবে। একই সঙ্গে আইনে গৃহকর্মীদের বেশ কিছু অধিকার নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সপ্তাহে একটি বেতনসহ ছুটির দিন, প্রতিদিন অন্তত ১২ ঘণ্টা বিশ্রাম যার মধ্যে ৮ ঘণ্টা টানা বিশ্রাম, বছরে ৩০ দিনের বেতনসহ বার্ষিক ছুটি, প্রতি দুই বছরে নিজ দেশে যাওয়া-আসার টিকিট, নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ, উপযুক্ত বাসস্থান ও খাবার এবং বছরে সর্বোচ্চ ৩০ দিনের অসুস্থতাজনিত ছুটি, যার প্রথম ১৫ দিন পূর্ণ বেতন ও পরের ১৫ দিন অর্ধেক বেতনে দেওয়ার বিধান রয়েছে; পাশাপাশি কর্মীর পাসপোর্ট ও অন্যান্য ব্যক্তিগত পরিচয়পত্র তার নিজের কাছেই থাকার অধিকার রয়েছে। নিয়োগকর্তাকে উপযুক্ত বাসস্থান, খাবার ও পোশাক দিতে হবে, চিকিৎসার খরচ বা স্বাস্থ্যবীমার ব্যবস্থা করতে হবে, কর্মীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তার সম্মতি ছাড়া নির্ধারিত কাজের বাইরে অন্য পেশায় নিয়োজিত করা যাবে না। আইন ভঙ্গ করলে শাস্তিও কঠোর। কিছু অপরাধে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ও ২০ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানার বিধান করা হয়েছে। 

 ওমান

ওমান-আমিরাতের মধ্যে রেলপথ চালুর সম্ভাবনা

ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের পথে বড় অগ্রগতি হয়েছে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক দুই দেশের রেল সংযোগ উন্নয়নের চুক্তিতে অনুমোদন দেওয়ায় প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের হাফিত রেল প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। ২৩৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ওমানের সোহারকে আল বুরাইমি ও আল আইন হয়ে আমিরাতের জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। প্রকল্পে যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলবে, ফলে সোহার থেকে আবুধাবি যেতে সময় লাগবে প্রায় ১০০ মিনিট এবং আল আইন যেতে মাত্র ৪৭ মিনিট। পাশাপাশি পণ্যবাহী ট্রেন ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে প্রায় ১৫ হাজার টন পণ্য বা ২৭০টি কনটেইনার পরিবহন করতে পারবে। ইতোমধ্যে প্রকল্পের নির্মাণকাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন এলাকায় টানেল, সেতু ও অন্যান্য অবকাঠামোর কাজ এগিয়ে চলছে। হাফিত রেল চালু হলে ইউএই ও ওমানের মধ্যে যাত্রী চলাচল, বাণিজ্য ও পণ্য পরিবহন আরো দ্রুত ও সহজ হবে।

কুয়েত

কুয়েতে গোপন ম্যাসাজ সেন্টারে অভিযান, পাঁচ এশীয় আটক

কুয়েতের একটি সাধারণ অ্যাপার্টমেন্টে গোপনে অনুমোদনহীন ম্যাসাজ সেবা পরিচালনার অভিযোগে পাঁচজন এশীয় প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। মুবারক আল-কাবির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাছে তথ্য আসে যে, ওই অ্যাপার্টমেন্টে অনুমোদন ছাড়াই ম্যাসাজ সেবা দেওয়া হচ্ছে।এরপর পুলিশ সেখানে নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা যাচাই করে এবং প্রয়োজনীয় ওয়ারেন্ট নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজন এশীয় প্রবাসীকে আটক করা হয় এবং অ্যাপার্টমেন্ট থেকে ম্যাসাজ সেবায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও সামগ্রী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাসাজ সেবার বিজ্ঞাপন দিত এবং অ্যাপার্টমেন্টে গ্রাহকদের এনে প্রতি সেশনের জন্য ১০ থেকে ৩০ কুয়েতি দিনার পর্যন্ত ফি নিত। আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং পাঁচজনকেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপোর্টেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ তাদের কুয়েত থেকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এশীয় বলা হলেও তারা কোন দেশের নাগরিক তা বলা হয়নি।

Logo