সৌদি আরবে তথ্যগত জটিলতার কারণে ই-পাসপোর্ট সেবায় বিলম্ব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে ৩ সেপ্টেম্বর দেওয়া পোস্টে বলা হয়, আগে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের জন্য এনরোলমেন্ট করা হতো। কিন্তু গত দেড় মাসে দূতাবাসের প্রচেষ্টায় ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আরো ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলছে।
পোস্টে উল্লেখ করা হয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম পরিচালনার সময় অনেক আবেদনকারীর নথিতে তথ্যগত ভুল পাওয়া যাচ্ছে। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসঙ্গতি, একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ইত্যাদি কারণে যাচাই ও প্রসেসিংয়ে সময় বেশি লাগছে।
এ পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তারা আশ্বস্ত করেছে যে, পাসপোর্ট সেবা আরো দ্রুত ও সহজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
logo-1-1740906910.png)