Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে শ্রমিকদের নিরাপত্তায় ১০ লাখ শ্রমিকের আবাসনে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯

সৌদিতে শ্রমিকদের নিরাপত্তায় ১০ লাখ শ্রমিকের আবাসনে নতুন নিয়ম

বাহরাইন

বাহরাইনে আগস্টে ৫৪৩ জন বহিষ্কার, গ্রেপ্তার ৭৭ প্রবাসী

বাহরাইনে আগস্ট মাসে ৫৪৩ জন বিভিন্ন দেশের প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ৭৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অভিযানে এসব গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা ঘটে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, আগস্ট মাসে দেশটির বিভিন্ন গভর্নরেটে মোট ৩ হাজার ১৫২টি অভিযান চালায় তারা। এসব অভিযানের মধ্যে ২ হাজার ৯৭৩টি অভিযান চালানো হয় দোকানে দোকানে। অভিযানে শ্রম আইন ও ইকামা আইন লঙ্ঘনের ঘটনাতেই বেশির ভাগ প্রবাসী গ্রেপ্তার ও বহিষ্কারের মুখোমুখি হন। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারের নিয়ম শৃঙ্খলা ও প্রতিযোগিতা বজায় রাখতে এমন অভিযান নিয়মিতই হয়ে থাকে। তবে এসব অভিযানে কোন কোন দেশের প্রবাসী গ্রেপ্তার বা বহিষ্কারের সম্মুখীন হয়েছেন, সেই তথ্য জানানো হয়নি। বাহরাইনে আছেন কম করে দেড় লক্ষ প্রবাসী বাংলাদেশি। 

সৌদি আরব

সৌদিতে শ্রমিকদের নিরাপত্তায় ১০ লাখ শ্রমিকের আবাসনে নতুন নিয়ম

সৌদি আরবে প্রায় ১০ লাখ বিদেশি শ্রমিকের জন্য ১ হাজার ৩৬০টি যৌথ আবাসনের লাইসেন্স দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখতেই এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির পৌরসভা ও আবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জন বা তার বেশি শ্রমিক থাকা প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত ও লাইসেন্সধারী আবাসনের ব্যবস্থা করতে হবে। নিজেদের আবাসন না থাকলে অনুমোদিত আবাসন ভাড়া নিতে হবে। এসব আবাসনে স্বাস্থ্য, নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য কারিগরি মান বজায় রাখা বাধ্যতামূলক। নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখতে বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শনও চালানো হচ্ছে। সৌদি সরকার ২০২৫ সালে বিদেশি শ্রমিকদের আবাসন ব্যবস্থা উন্নত করতে জাতীয় কর্মসূচি শুরু করে। এর আওতায় শ্রমিকদের জন্য নিরাপদ ও মানসম্মত থাকার জায়গা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।  প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কোনো কোম্পানি যদি নিম্নমানের বা অননুমোদিত আবাসনে রাখে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।

সংযুক্ত আরব আমিরা

আমিরাতে ১১ ধরনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করতে পারবে শ্রমিকরা

সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন ১১ ধরনের শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় মোহরেতে অভিযোগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্যও এ তথ্য গুরুত্বপূর্ণ। যেসব বিষয়ে অভিযোগ করা যাবে, তার মধ্যে রয়েছে জোর করে কাজ করানো বা মানব পাচার, যৌন হয়রানি, চাকরি শেষে পাওনা-ভাতা না দেওয়া, অতিরিক্ত ওভারটাইম করানো, শ্রমিকদের আবাসনবিধি লঙ্ঘন এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার নিয়ম না মানা। এছাড়া বার্ষিক ছুটি না দেওয়া, ছুটির পরিবর্তে প্রাপ্য অর্থ না দেওয়া বা ছুটি জমিয়ে রাখার সুযোগ না দেওয়ার বিরুদ্ধেও রিপোর্ট করা যাবে। তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষার নিয়ম না মানা এবং অনুমতি ছাড়া বা আইন ভেঙে কর্মী নিয়োগের বিষয়ও অভিযোগের আওতায় রয়েছে।কোনো বাংলাদেশি শ্রমিক এসব সমস্যার মুখে পড়লে MOHRE-এর অ্যাপ, ওয়েবসাইট অথবা শ্রম-সংক্রান্ত অভিযোগ কেন্দ্রের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। 

কুয়েত

কুয়েতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, এজেন্সি মালিককে ধরল পুলিশ

কুয়েতে এক এজেন্সি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইউরোপে চাকরি ও ওয়ার্ক ভিসা দেওয়ার কথা বলে কুয়েতে প্রবাসীদের কাছ থেকে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কুয়েতি দিনার করে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৫ জন প্রবাসী পুলিশের কাছে অভিযোগ করার পর ওই এজেন্সি মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারীদের বেশির ভাগই এশীয় নাগরিক। বিজ্ঞাপন দেখে তারা ওই এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশে চাকরি এবং ওয়ার্ক ভিসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ জন্য নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। অভিযোগকারীরা জানান, কয়েক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও পরে কোনো ভিসা বা চাকরি দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে তাদের বলা হয়, ভিসা প্রক্রিয়ায় অর্থ খরচ হয়ে গেছে। এখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা হলো ইউরোপে চাকরির প্রলোভনে কুয়েত থেকে কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধতা, চাকরির অফার ও ভিসার সত্যতা যাচাই করা জরুরি।

Logo