কুয়েতে নাগরিকদের জন্য সতর্কতা মার্কিন দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৪
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। দূতাবাস বলেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখনো জটিল এবং পরিস্থিতির যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাকে ঘিরে নিরাপত্তা উদ্বেগও তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে এবং স্থানীয় পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বা মার্কিন নাগরিকদের উপস্থিতি বেশি এমন স্থানগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং হঠাৎ কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, কুয়েতে তাদের কর্মী ও কার্যক্রমের বর্তমান অবস্থায় আপাতত কোনো পরিবর্তন নেই। তবে আঞ্চলিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে সতর্ক করে নাগরিকদের সর্বশেষ সরকারি নির্দেশনা ও নিরাপত্তা সংক্রান্ত আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও পাল্টাপাল্টি সামরিক তৎপরতার মধ্যে কুয়েতও সম্ভাব্য ঝুঁকির বাইরে নয়। এমন বাস্তবতায় মার্কিন দূতাবাসের এই সতর্কতাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)