ওমানে ভূয়া ট্রাফিক মেসেজ, সতর্ক করল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৩
ওমানে ট্রাফিক জরিমানার নামে ছড়িয়ে পড়া ভুয়া টেক্সট মেসেজ নিয়ে সবাইকে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রতারকরা এমনভাবে মেসেজ পাঠাচ্ছে, যাতে মনে হয় প্রাপকের কোনো ট্রাফিক জরিমানা বকেয়া রয়েছে এবং দ্রুত পরিশোধ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। মেসেজে নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে এবং সঙ্গে দেওয়া হচ্ছে একটি অননুমোদিত লিংক।
পুলিশের ভাষ্য, এটি আসলে মানুষের কাছ থেকে তথ্য বা অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিচালিত একটি ইলেকট্রনিক প্রতারণার কৌশল। তাই এমন কোনো মেসেজ পেলেই আতঙ্কিত হয়ে লিংকে ক্লিক করা বা সেখানে গিয়ে কোনো তথ্য দেওয়ার দরকার নেই। বিশেষ করে ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত পরিচয় বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চাওয়া হলে তা কোনোভাবেই দেওয়া উচিত নয়।
রয়্যাল ওমান পুলিশ সবাইকে পরামর্শ দিয়েছে, ট্রাফিক জরিমানা বা এ ধরনের কোনো তথ্য যাচাই করতে হলে শুধু পুলিশের অফিসিয়াল চ্যানেল ব্যবহার করতে এবং সন্দেহজনক মেসেজ বা লিংক পেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। কর্তৃপক্ষ বলছে, সরকারি সংস্থার নাম ব্যবহার করে পাঠানো কোনো মেসেজ দেখেই সেটিকে সত্য বলে ধরে নেওয়া যাবে না; সামান্য অসতর্কতাও বড় ধরনের সাইবার প্রতারণার কারণ হতে পারে।
logo-1-1740906910.png)