বাহরাইনে ভুয়া ওয়ার্ক পারমিটে ৭ প্রবাসীর স্থায়ী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩০
বাহরাইনে অস্তিত্বহীন বা ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের নামে বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ ও ধরে রাখার দায়ে সাত এশীয় প্রবাসীকে বড় অঙ্কের জরিমানা এবং দেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে উঠে এসেছে, বাস্তবে অস্তিত্ব নেই- এমন বহু ভুয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ব্যবহার করে তারা বিদেশি কর্মীদের জন্য বিপুলসংখ্যক ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছিলেন। যদিও এসব কর্মী নিয়োগের কোনো প্রকৃত প্রয়োজন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছিল না।
বিষয়টি সামনে আসে বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি বা এলএমআরএর নিয়মিত পরিদর্শন অভিযানের মাধ্যমে। শ্রমবাজারের আইন ও বিধিনিষেধ মানা হচ্ছে কিনা, তা যাচাই করতে গিয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা সন্দেহজনক প্রতিষ্ঠান ও ওয়ার্ক পারমিটের তথ্য পান এবং পরে বিষয়টি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়। তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বক্তব্য, বিভিন্ন নথি ও কারিগরি প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ সংগ্রহ করা হয়।
পরে নিম্ন ফৌজদারি আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের ওপর সম্মিলিতভাবে দুই লাখ ১১ হাজার বাহরাইনি দিনার জরিমানা আরোপ করেন এবং জরিমানা পরিশোধের পর তাদের বাহরাইন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দেন। দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড এবং বাণিজ্যিক নিবন্ধন ও ওয়ার্ক পারমিট ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউশন কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রাখবে।
logo-1-1740906910.png)