বাংলাদেশ-আরএকে চেম্বার বৈঠক
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন সম্ভাবনার দ্বার
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদারে রাস আল খাইমাহ (আরএকে) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে আমিরাতের বিনিয়োগের সম্ভাবনা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
গত ২৭ আগস্ট অনুষ্ঠিত এ নেটওয়ার্কিং বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাময় বিভিন্ন খাত তুলে ধরা হয়। বিশেষ করে ওষুধ শিল্প, পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ.ই. তারেক আহমেদ আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ উপলক্ষে আরএকে চেম্বারের চেয়ারম্যান মোহাম্মদ আলী আল নুয়াইমি এবং তার প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে আরএকে চেম্বারের চেয়ারম্যান মোহাম্মদ আলী আল নুয়াইমি দেশটির বিকাশমান ওষুধ শিল্প, পর্যটন ও আতিথেয়তা খাতের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, মেনা ও জিসিসি অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জুলফার গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের ওষুধ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে ডিউ ডিলিজেন্স পরিচালনা করতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রস্তাবিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, চুক্তিটি চূড়ান্ত করার আলোচনা ইতোমধ্যে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সিইপিএ স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার।
অন্যদিকে আরএকে চেম্বারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী আল নুয়াইমি। প্রতিনিধি দলে আরো ছিলেন প্রথম ভাইস চেয়ারম্যান ইউসুফ এম. ইসমাইল আল ব্লুশি, মহাপরিচালক ড. রাশেদ খালফান আল নুয়াইমি এবং ডেপুটি ম্যানেজার মোহাম্মদ হাসান আল সাবাব আল তেনেইজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
logo-1-1740906910.png)
