Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

তুরস্কের ভিসা আবেদনে যা করতে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

তুরস্কের ভিসা আবেদনে যা করতে হবে

তুরস্কের ভিসা আবেদন এখন বাংলাদেশিদের জন্য আরো নিয়মতান্ত্রিক ও কঠোরভাবে পরিচালিত হচ্ছে। ঢাকায় অবস্থিত তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র আবেদন গ্রহণ করছে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে তুরস্কের দূতাবাস বা কনস্যুলেটের হাতে। আবেদন কেন্দ্র কেবল নথি গ্রহণ ও প্রক্রিয়াজাত করে, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে তাদের কোনো কর্তৃত্ব নেই।

ভিসা আবেদনকারীদের অবশ্যই সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট) দিতে হবে। তবে ১২ বছরের নিচে শিশুদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। আবেদন জমা দিতে হবে ভ্রমণের নির্ধারিত তারিখের সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে।

সব ধরনের ফি, যেমন ভিসা ফি ও সার্ভিস চার্জ, নগদে বাংলাদেশি টাকা (BDT) দিয়ে পরিশোধ করতে হবে। আবেদন কেন্দ্র কোনো রকম ফেরত দেয় না, এমনকি আবেদন প্রত্যাখ্যাত হলেও।

১৮ বছরের বেশি বয়সী আবেদনকারীদের নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি জমা দিতে হবে। ১৮ বছরের নিচে আবেদনকারীরা কেবলমাত্র বাবা-মায়ের স্পন্সরশিপে আবেদন করতে পারবেন। শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে আবেদনকারী, তার বাবা-মা বা স্বামী/স্ত্রীর ব্যাংক স্টেটমেন্ট গ্রহণযোগ্য।

তুরস্কে পর্যটন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে—

- কমপক্ষে ৮ মাস মেয়াদযুক্ত বৈধ পাসপোর্ট এবং পূর্ববর্তী পাসপোর্ট

- পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার ৩ কপি ফটোকপি

- সাদা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক ৩টি বায়োমেট্রিক ছবি

- জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি

- তুরস্কে ভ্রমণের জন্য স্বাস্থ্যবীমা (আবেদন কেন্দ্রের মাধ্যমে করা যায়)

- ফ্লাইট রিজার্ভেশন (চূড়ান্ত টিকিট নয়, কেবল বুকিং কনফার্মেশন)

- হোটেল বুকিং বা ভাড়ার চুক্তিপত্র, যা ফ্লাইটের তারিখের সঙ্গে মিল থাকতে হবে

- গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি

- আবেদনকারীর কভার লেটার বা পরিচয়পত্র

ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন, এনওসি, ভিজিটিং কার্ড ও অফিসিয়াল আইডি জমা দিতে হয়। ডাক্তারদের জন্য বিএমডিসি সার্টিফিকেট এবং আইনজীবীদের জন্য বার কাউন্সিল সার্টিফিকেট আবশ্যক। অবসরপ্রাপ্তদের জন্য অবসরপত্র জমা দিতে হয়।

১৮ বছরের নিচে আবেদনকারীরা যদি এক অভিভাবকের সঙ্গে ভ্রমণ করেন, তবে অন্য অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হয়। উভয় অভিভাবককে আবেদন কেন্দ্রের সামনে স্বাক্ষর করতে হয়, যাতে নথির সত্যতা নিশ্চিত হয়।

তুরস্কের দূতাবাস বা কনস্যুলেট ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একাধিক প্রবেশের ভিসা চাইলেও কনস্যুলেট একক প্রবেশের ভিসা দিতে পারে। আবেদন কেন্দ্রের সার্ভিস ফি ফেরতযোগ্য নয়। অসম্পূর্ণ বা ভুল নথি জমা দিলে আবেদন বিলম্বিত বা প্রত্যাখ্যাত হতে পারে।

Logo