বাহরাইনে শেষ হলো চলতি বছরের গ্রীষ্মকালীন আউটডোর কাজের নিষেধাজ্ঞা। আর এবারের পরিসংখ্যানে ওয়ার্কব্যান মানার হার ছিল প্রায় ১০০ শতাংশ। ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যের নিচে কাজের ওপর জারি থাকা এই নিষেধাজ্ঞার সময়ে মোট ৩০ হাজার ২৪৬টি কর্মস্থলে পরিদর্শন চালায় বাহরাইনের শ্রম মন্ত্রণালয়। এর মধ্যে মাত্র ৬টি প্রতিষ্ঠানকে নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে, যেখানে মোট ১৭ জন কর্মী জড়িত ছিলেন।
শ্রম ও আইনবিষয়ক মন্ত্রী ইউসিফ খালাফ জানিয়েছেন, এ বছর নিষেধাজ্ঞা মেনে চলার হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৮ শতাংশ, যা গত বছরের ৯৯ দশমিক ৯৭ শতাংশের তুলনায় সামান্য বেশি। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো প্রচণ্ড গরম ও আর্দ্রতার সময়ে কর্মীদের হিটস্ট্রেস, সানস্ট্রোক এবং তাপজনিত বিভিন্ন রোগের ঝুঁকি থেকে রক্ষা করা। পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমানো।
মন্ত্রী বলেন, এবারের উচ্চমাত্রার কমপ্লায়েন্স কর্মী স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের প্রতিষ্ঠানের পাশাপাশি নিয়োগকর্তাদের সচেতনতা ও দায়িত্বশীলতারও প্রতিফলন। নিয়ম ভঙ্গের ৬টি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ১৭ কর্মীর বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে বিষয়টি সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০০ থেকে ১ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে।
logo-1-1740906910.png)