মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ সেপ্টেম্বর ২০২৬
বাহরাইনে শেষ হলো সামার ব্যান কর্মসূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮
বাহরাইন
বাহরাইনে শেষ হলো সামার ব্যান কর্মসূচি
বাহরাইনে শেষ হলো চলতি বছরের গ্রীষ্মকালীন আউটডোর কাজের নিষেধাজ্ঞা। আর এবারের পরিসংখ্যানে ওয়ার্কব্যান মানার হার ছিল প্রায় ১০০ শতাংশ। ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যের নিচে কাজের ওপর জারি থাকা এই নিষেধাজ্ঞার সময়ে মোট ৩০ হাজার ২৪৬টি কর্মস্থলে পরিদর্শন চালায় বাহরাইনের শ্রম মন্ত্রণালয়। এর মধ্যে মাত্র ৬টি প্রতিষ্ঠানকে নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে, যেখানে মোট ১৭ জন কর্মী জড়িত ছিলেন। শ্রম ও আইনবিষয়ক মন্ত্রী ইউসিফ খালাফ জানিয়েছেন, এ বছর নিষেধাজ্ঞা মেনে চলার হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৮ শতাংশ, যা গত বছরের ৯৯ দশমিক ৯৭ শতাংশের তুলনায় সামান্য বেশি। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো প্রচণ্ড গরম ও আর্দ্রতার সময়ে কর্মীদের হিটস্ট্রেস, সানস্ট্রোক এবং তাপজনিত বিভিন্ন রোগের ঝুঁকি থেকে রক্ষা করা। পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমানো। মন্ত্রী বলেন, এবারের উচ্চমাত্রার কমপ্লায়েন্স কর্মী স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের প্রতিষ্ঠানের পাশাপাশি নিয়োগকর্তাদের সচেতনতা ও দায়িত্বশীলতারও প্রতিফলন। নিয়ম ভঙ্গের ৬টি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ১৭ কর্মীর বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে বিষয়টি সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০০ থেকে ১ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে।
সৌদি আরব
সৌদিতে সড়কে নিরাপত্তা, বড় জরিমানার সতর্কবার্তা
সৌদি আরবে গাড়ি চালানোর সময় সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় না রাখলে গুনতে হতে পারে সর্বোচ্চ ৩০০ সৌদি রিয়াল জরিমানা। সৌদি পাবলিক সিকিউরিটি জানিয়েছে, গাড়ির মধ্যে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব রাখা সড়ক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম। কারণ সামনে থাকা গাড়ি হঠাৎ ব্রেক করলে বা চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পর্যাপ্ত দূরত্ব দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্তৃপক্ষ বলছে, ট্রাফিক আইন মেনে চলা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং চালক ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রত্যেকের দায়িত্ব। নিরাপদ দূরত্ব বজায় না রাখাকে ট্রাফিক লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য সর্বোচ্চ ৩০০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখবে বলেও জানিয়েছে। ফলে সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের এই নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সেপ্টেম্বরের ১ম সপ্তাহে অস্থির আবহাওয়ার পূর্বাভাস
সংযুক্ত আরব আমিরাতে আবারো আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি। ২০২৬ এর ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দেখা দিতে পারে বৃষ্টি, কুয়াশা ও ধুলোর ঝড়। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং পূর্বাঞ্চলে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। এদিন দুবাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৩১ ডিগ্রি, আবুধাবিতে সর্বোচ্চ ৪১ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস আর লিওয়ায় ৪৫ এবং আল আইনে ৪৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। একই সঙ্গে রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কিছু উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় কুয়াশা বা মিস্ট এবং ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাসের কারণে ধূলিঝড় তৈরি হতে পারে। শুক্রবারও আকাশ আংশিক মেঘলা ও কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং পূর্বাঞ্চলে বিকেলে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমাঞ্চলে রাতের দিকে আর্দ্রতা বাড়ার পাশাপাশি জোরালো বাতাসের কারণে ধূলিঝড়ের ঝুঁকিও অব্যাহত থাকতে পারে।
ওমান
ওমানের বাহলায় চুরি, এক এশিয়ান আটক
ওমানে চুরি ও ডাকাতির পৃথক দুই ঘটনায় তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রথম ঘটনায় আল দাখিলিয়াহ গভর্নরেটের বাহলা এলাকায় একটি বাণিজ্যিক দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চুরির অভিযোগে এক এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আল দাখিলিয়াহ গভর্নরেট পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এশীয় বললেও কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। অন্যদিকে আল ধাহিরাহ গভর্নরেটের ইয়ানকুল এলাকায় ঘটেছে আরো গুরুতর একটি ঘটনা। সেখানে আফ্রিকান নাগরিকত্বের দুই প্রবাসী জোরপূর্বক একটি অ্যাপার্টমেন্টে ঢুকে আফ্রিকান বংশোদ্ভূত কয়েকজন প্রবাসীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইয়ানকুলের এই ঘটনায়ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েত
কুয়েতে স্বর্ণ চুরি, চোরকে খুঁজছে পুলিশ
কুয়েতের হাওয়ালিতে এক কুয়েতি চিকিৎসকের বাড়ি থেকে প্রায় ২০ হাজার কুয়েতি দিনার মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসক কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন তার শোবার ঘরে রাখা স্বর্ণালংকারগুলো নেই। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান এবং ঘটনা তদন্তে নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চুরি যাওয়া অলংকারগুলোর বেশির ভাগই ছিল স্বর্ণের, যেগুলো ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে সঞ্চয়ের উদ্দেশ্যে জমিয়ে রেখেছিলেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বাড়তে থাকায় এগুলোকে তিনি সঞ্চয়ের একটি মাধ্যম হিসেবে দেখছিলেন। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চুরির জন্য সন্দেহ বা অভিযুক্ত করেননি। ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল বাড়িটিতে পাঠানো হয় এবং তারা ঘটনাস্থল থেকে আঙুলের ছাপসহ সম্ভাব্য অন্যান্য আলামত সংগ্রহের পাশাপাশি কীভাবে চোরেরা বাড়িতে ঢুকেছিল এবং কারা এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে, তা শনাক্তের চেষ্টা করছে।
logo-1-1740906910.png)