আমিরাতে স্কুল বাস নিয়ে ড্রাইভারদের জন্য সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্কুলবাসের কাছে গাড়ি চালানোর সময় চালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে আবুধাবি পুলিশ। কোনো স্কুলবাস শিক্ষার্থীদের ওঠানো বা নামানোর সময় পাশে থাকা ‘থামুন’ সংকেত তুলে দিলে অন্য সব গাড়িকে সম্পূর্ণভাবে থেমে যেতে হবে এবং বাসটি থেকে অন্তত ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই অবস্থায় কোনো চালক স্কুলবাসকে পাশ কাটিয়ে এগিয়ে গেলে তাকে ১ হাজার দিরহাম জরিমানা এবং চালকের লাইসেন্সে ১০টি কালো পয়েন্ট দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, স্কুলবাসের সামনে বা আশপাশ দিয়ে শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় তাদের নিরাপদে চলাচলের জন্যই এই নিয়ম কঠোরভাবে মানা জরুরি। বিশেষ করে স্কুল খোলা ও ছুটির সময় স্কুল, আবাসিক এলাকা এবং শিক্ষার্থীদের ওঠানামার নির্ধারিত স্থানগুলোতে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়, তাই ওই সময় চালকদের আরো ধীরগতিতে গাড়ি চালানো, চারপাশে সতর্ক নজর রাখা এবং স্কুলবাসের থামার সংকেত দেখা মাত্র সম্পূর্ণভাবে গাড়ি থামানোর আহ্বান জানানো হয়েছে।
আবুধাবি পুলিশ আরো বলেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা শুধু স্কুল বা বাসচালকের দায়িত্ব নয়, সড়কে চলাচলকারী প্রত্যেক চালকেরও দায়িত্ব রয়েছে। তাই শিশুদের ওঠানামার সময় কোনোভাবেই থামানো স্কুলবাসকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না।
logo-1-1740906910.png)