সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা অঞ্চলের কুনফুদাহ গভর্নরেটের উপকূলীয় এলাকায় টহল দেওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনী চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাছ ধরার অনুমতি না থাকা এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরার অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক চারজনের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছেন এবং তারা সৌদি আরবের আঞ্চলিক জলসীমায় সামুদ্রিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা ও বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সৌদি সীমান্তরক্ষী বাহিনী সবাইকে সামুদ্রিক জীবসম্পদ রক্ষার জন্য নির্ধারিত আইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবেশ বা বন্যপ্রাণী সংক্রান্ত কোনো আইন লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে এ ধরনের অভিযোগ জানাতে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ জানানোর কারণে তথ্যদাতাকে কোনো দায়ের মুখোমুখি হতে হবে না।
logo-1-1740906910.png)