মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৯
বাহরাইন
বাহরাইনে ট্রাফিক আইন লঙ্ঘন, আহত শিশু
বাহরাইনে পথচারীদের জন্য নির্ধারিত ট্রাফিক রেড সিগন্যাল অমান্য করে গাড়ি চালিয়ে একটি শিশুকে গুরুতর আহত করার অভিযোগে এক চালককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শেখ জাবের আল সাবাহ সড়কে। দেশটির সরকারি ট্রাফিক বিভাগ জানিয়েছে, ওই চালক গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেননি এবং পথচারীদের জন্য সংকেত সবুজ থাকা অবস্থায় রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে গাড়ি দিয়ে ধাক্কা দেন। দুর্ঘটনার পর শিশুটি গুরুতর আহত হয় এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রতিবেদন এবং দুর্ঘটনার প্রকৃতি ও কারণ নির্ধারণে কারিগরি প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব
সৌদিতে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি আটক
সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা অঞ্চলের কুনফুদাহ গভর্নরেটের উপকূলীয় এলাকায় টহল দেওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনী চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাছ ধরার অনুমতি না থাকা এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরার অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক চারজনের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছেন এবং তারা সৌদি আরবের আঞ্চলিক জলসীমায় সামুদ্রিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা ও বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদি সীমান্তরক্ষী বাহিনী সবাইকে সামুদ্রিক জীবসম্পদ রক্ষার জন্য নির্ধারিত আইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবেশ বা বন্যপ্রাণী সংক্রান্ত কোনো আইন লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে এ ধরনের অভিযোগ জানাতে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করা যাবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ জানানোর কারণে তথ্যদাতাকে কোনো দায়ের মুখোমুখি হতে হবে না।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে স্কুল বাস নিয়ে ড্রাইভারদের জন্য সতর্কতা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্কুলবাসের কাছে গাড়ি চালানোর সময় চালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে আবুধাবি পুলিশ। কোনো স্কুলবাস শিক্ষার্থীদের ওঠানো বা নামানোর সময় পাশে থাকা ‘থামুন’ সংকেত তুলে দিলে অন্য সব গাড়িকে সম্পূর্ণভাবে থেমে যেতে হবে এবং বাসটি থেকে অন্তত ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই অবস্থায় কোনো চালক স্কুলবাসকে পাশ কাটিয়ে এগিয়ে গেলে তাকে ১ হাজার দিরহাম জরিমানা এবং চালকের লাইসেন্সে ১০টি কালো পয়েন্ট দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, স্কুলবাসের সামনে বা আশপাশ দিয়ে শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় তাদের নিরাপদে চলাচলের জন্যই এই নিয়ম কঠোরভাবে মানা জরুরি। বিশেষ করে স্কুল খোলা ও ছুটির সময় স্কুল, আবাসিক এলাকা এবং শিক্ষার্থীদের ওঠানামার নির্ধারিত স্থানগুলোতে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়, তাই ওই সময় চালকদের আরো ধীরগতিতে গাড়ি চালানো, চারপাশে সতর্ক নজর রাখা এবং স্কুলবাসের থামার সংকেত দেখা মাত্র সম্পূর্ণভাবে গাড়ি থামানোর আহ্বান জানানো হয়েছে। আবুধাবি পুলিশ আরো বলেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা শুধু স্কুল বা বাসচালকের দায়িত্ব নয়, সড়কে চলাচলকারী প্রত্যেক চালকেরও দায়িত্ব রয়েছে। তাই শিশুদের ওঠানামার সময় কোনোভাবেই থামানো স্কুলবাসকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না।
ওমান
ওমানে পশু চুরি, আটক ৭
ওমানে পশু চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে উত্তর আল বাতিনাহ গভর্নরেটের পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাতজনেরই আগে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার রেকর্ড রয়েছে। তাদের বিরুদ্ধে উত্তর আল বাতিনাহর সোহর, আল সুয়াইক ও আল খাবুরাহ এলাকায় বিভিন্ন খামার ও সম্পত্তি থেকে বিপুলসংখ্যক গবাদিপশু চুরির অভিযোগ উঠেছে। তদন্তে জানা গেছে, এসব স্থান থেকে মোট ১৩০টিরও বেশি গবাদিপশু চুরি করা হয়েছে। চুরির ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তদন্তের পরবর্তী ধাপে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুয়েত
কুয়েতে শুরু নিয়মিত কর্মঘণ্টা, শেষ সামার ওয়ার্ক ব্যান
কুয়েতে শেষ হলো গ্রীষ্মকালীন বিশেষ কর্মঘণ্টার সময়সূচি। সেই সাথে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো আবার নিয়মিত কর্মঘণ্টায় ফিরবে। কুয়েতের সিভিল সার্ভিস কমিশন জানিয়েছে, গ্রীষ্মকালীন কর্মঘণ্টা ১ জুন থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কার্যকর ছিল। এই সময়সূচি শেষ হওয়ার পর ১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরগুলো আগের নিয়ম অনুযায়ী সকাল ও বিকেলের দুই পর্বে নিয়মিত কর্মঘণ্টা চালু করবে। কমিশন জানিয়েছে, এই পরিবর্তন সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মঘণ্টা সংক্রান্ত প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুসারেই কার্যকর হবে। গ্রীষ্মকালীন কর্মঘণ্টা চালুর সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ২০২৬ সালের ১৪ মে অনুষ্ঠিত সিভিল সার্ভিস কাউন্সিলের অষ্টম বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে জারি করা পরিপত্র অনুযায়ী। এখন গ্রীষ্মের বিশেষ সময়সূচির মেয়াদ শেষ হওয়ায় সরকারি কর্মীদের জন্য নিয়মিত কর্মঘণ্টার ব্যবস্থা আবার কার্যকর হচ্ছে।
logo-1-1740906910.png)