Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ আগস্ট ২০২৬

সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তারেক রহমানের লিখিত বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৬:৪২

সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তারেক রহমানের লিখিত বার্তা

বাহরাইন

বাহরাইনে খাবার চুরির অভিযোগে এশীয় গ্রেপ্তার

বাহরাইনের হিদ এলাকায় বাড়ির বাইরে রাখা ব্যক্তিগত একটি ফ্রিজ থেকে বিক্রির জন্য রাখা খাবার চুরির অভিযোগে দুই এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মুহাররাক গভর্নরেট পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বয়স ৬২ ও ৩২ বছর। অভিযোগ অনুযায়ী, তারা হিদের একটি বাড়ির বাইরে রাখা ব্যক্তিগত ফ্রিজ থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা খাবার চুরি করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের মাধ্যমে অভিযুক্ত দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। এশীয় বলা হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ। একই সাথে কেন এসব প্রবাসী খাবার চুরি করেছে, তারও প্রাথমিক কোনো কারণ জানানো হয়নি। 

সৌদি আরব 

সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তারেক রহমানের লিখিত বার্তা

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে গত ২৭ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাটি গ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক এবং তা আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজিও উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তার মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করার বিষয়ে দুই দেশের আগ্রহের বিষয়টি আবারো সামনে এসেছে।

কুয়েত

কুয়েতে নাটকীয় হত্যাকাণ্ড, বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের আল-সালমি এলাকায় একটি পশুর খামারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। আর তাতে এক বাংলাদেশির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। প্রথমে ঘটনাটি নিছক অগ্নিকাণ্ড বলে মনে হলেও তদন্তে জানা গেছে, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের আল-জাহরা গভর্নরেট শাখা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া অবস্থায় এক উপসাগরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে। তদন্তকারীদের সন্দেহ হয়, আগুনে পুড়ে তার মৃত্যু হয়নি। কারণ নিহতের গাড়ির ভেতরে রক্তের চিহ্ন পাওয়া যায়। এরপর তদন্তে নিহতের চলাফেরা, ব্যক্তিগত জিনিসপত্র ও ঘটনাস্থলের বিভিন্ন আলামত পরীক্ষা করে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে পশুর খামারের প্রহরীর ওপর। পরে এক বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তদন্তকারীদের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে ওই বাংলাদেশি তাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হওয়ার পর তাকে খামারের পশুখাদ্য রাখার জায়গায় নিয়ে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, যার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা এবং একই সঙ্গে হত্যার প্রমাণ গোপন করা। তদন্তে আরো জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি রক্তের দাগ মুছে ফেলার এবং নিহতের কিছু ব্যক্তিগত জিনিস সরিয়ে ফেলারও চেষ্টা করেছিলেন, যাতে অপরাধের আলামত নষ্ট করা যায়। সেই বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি কুয়েতি পুলিশ। 

ওমান

ওমানে বাড়ছে অগ্নিকাণ্ড, নতুন পরিসংখ্যান প্রকাশ

ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা এক বছরে প্রায় ১২ শতাংশ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ওমানে প্রায় ৫ হাজার ৬০০টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। এসব অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৩১ শতাংশ ঘটেছে আবাসিক ভবনে। এরপর ২৩ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বর্জ্য থেকে, আর ২১ শতাংশ ছিল যানবাহন ও পরিবহন থেকে। একই বছরে ওমানের অ্যাম্বুলেন্স সেবা প্রায় ১৯ হাজার জরুরি ঘটনায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ওমানসহ মধ্যপ্রাচ্যে গরমের এই সিজনে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু অনেক সময় সচেতনতার অভাবে আগুনের ঘটনা প্রাণহানিতে পরিণত হয়। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এমনই কোনে অগ্নিকাণ্ডে। ফলে গরমের এই সময়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের অগ্নিকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা, প্রতিরোধমূলক ব্যবস্থা জানা, সেই মোতাবেক কাজ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসীরা।  

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে এআই নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

এআই ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে আমিরাতের সাইবার সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, কোনো এইআই বা এআই পাউয়ার টুলসকে ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন কিংবা ফোনের অন্য কোনো গুরত্বপূর্ণ  ফিচারে প্রবেস অনুমতি দেওয়ার আগে অবশ্যই তা ভালোভাবে যাচাই করতে হবে। কারণ, কোনো কোনো এআই সার্ভিস ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। বিশেষ করে কোনো এআই টুলসকে ক্যামেরা এক্সেস দিলে শুধু ব্যবহারকারীর মুখই নয়, ক্যামেরার আশপাশে থাকা পরিবেশ, বস্তু বা অন্যান্য ব্যক্তিগত তথ্যও অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে যেতে পারে। সাইবার সিকিউরিটি কাউন্সিল আরো সতর্ক করেছে, অনলাইনে কোনো এআই দেখা গেলেই সেটিকে নিরাপদ ধরে নেওয়া উচিত নয়। তাই কোনো এআই সার্ভিস ব্যবহারের আগে সেটি কতটা নির্ভরযোগ্য, তা যাচাই করার পাশাপাশি প্রতিটি পারমিশন রিকোয়েস্ট আলাদাভাবে রিভিউ করতে বলা হয়েছে।

Logo