দুবাইয়ে শেয়ারড হাউজিং বা যৌথ আবাসন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর হয়েছে। ২৬ আগস্ট থেকে কার্যকর নতুন আইন অনুযায়ী, অতিরিক্ত লোক রাখা, অনুমতি ছাড়া শেয়ারড হাউজিং পরিচালনা এবং নিয়ম না মেনে বাসা ভাড়া দেওয়ার মতো লঙ্ঘনের ক্ষেত্রে ৫০০ থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে; একই অপরাধ এক বছরের মধ্যে আবার করলে জরিমানা দ্বিগুণ হয়ে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে।
নতুন নিয়মে ভাড়াটিয়ারা নিজেরা শেয়ারড বাসা বা বাসার কোনো অংশ অন্যের কাছে সাবলেট দিতে পারবেন না। কেবল বাড়ির মালিক বা অনুমোদিত ও লাইসেন্সধারী প্রতিষ্ঠান শেয়ারড হাউজিং ভাড়া দিতে পারবে। এই আইন পরিবার, নারী, পুরুষ, নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মতো নির্ধারিত শ্রেণির বাসিন্দাদের জন্য প্রযোজ্য। তবে আইন কার্যকর হলেও এখনই অভিযান বা উচ্ছেদ শুরু হচ্ছে না। বাড়ির মালিক ও অপারেটরদের নতুন নিয়ম মেনে নেওয়ার জন্য ২৬ আগস্ট ২০২৭ পর্যন্ত এক বছরের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, প্রয়োজনে এই সময় আরো বাড়ানো যেতে পারে।
আইন অনুযায়ী, কোনো বাড়ি নিয়ম না মানলে সরাসরি রাতারাতি বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না; প্রয়োজন হলে কর্তৃপক্ষ বিকল্প বাসা খুঁজে নেওয়ার জন্য বাসিন্দাদের নির্দিষ্ট সময় দেবে। এ সময় বাড়তি সতর্ক থাকতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও।
logo-1-1740906910.png)