বাহরাইনে গাড়িতে কাচের বোতল নিয়ে সতর্কতা পুলিশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২৩:১৬
বাহরাইনের তীব্র গরমে গাড়ির ভেতরে পারফিউম, ডিওডোরেন্টসহ দাহ্য পণ্য বা কাচের বোতল রেখে না যাওয়ার জন্য চালক এবং যাত্রীদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক করেছেন কাচের পারফিউমের বোতল নিয়ে। কাচের বোতল সূর্যের আলোকে অনেকটা উত্তল লেন্সের মতো একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করতে পারে। এতে ওই স্থানে প্রচণ্ড তাপ তৈরি হয়ে আশপাশে থাকা দাহ্য বস্তুতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই গরমের সময় গাড়ির ড্যাশবোর্ড বা অন্য কোনো স্থানে পারফিউমের বোতল, ডিওডোরেন্ট ক্যান এবং অন্যান্য দাহ্য পণ্য রেখে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়ির সামনের কাচে সানশেড ব্যবহার করলে সরাসরি সূর্যের আলো ভেতরে প্রবেশ কমানো এবং গাড়ির অভ্যন্তরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গ্রীষ্মকালে বাইরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সরাসরি রোদে পার্ক করা গাড়ির ভেতরের তাপমাত্রা মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে আরো প্রায় ১৫ ডিগ্রি বেড়ে ৫০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। গাড়ি ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত রোদে থাকলে ভেতরের তাপমাত্রা আরো প্রায় ২০ ডিগ্রি বেড়ে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর বাহরাইনে গ্রীষ্মে বাইরের তাপমাত্রা যখন ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, তখন গাড়ির ভেতরের তাপমাত্রা আরো ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে। ফলে এ বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)