Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ আগস্ট ২০২৬

বাহরাইনে গাড়িতে কাচের বোতল নিয়ে সতর্কতা পুলিশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৬:০৯

বাহরাইনে গাড়িতে কাচের বোতল নিয়ে সতর্কতা পুলিশের

বাহরাইন

বাহরাইনে গাড়িতে কাচের বোতল নিয়ে সতর্কতা পুলিশের

বাহরাইনের তীব্র গরমে গাড়ির ভেতরে পারফিউম, ডিওডোরেন্টসহ দাহ্য পণ্য বা কাচের বোতল রেখে না যাওয়ার জন্য চালক এবং যাত্রীদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক করেছেন কাচের পারফিউমের বোতল নিয়ে। কাচের বোতল সূর্যের আলোকে অনেকটা উত্তল লেন্সের মতো একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করতে পারে। এতে ওই স্থানে প্রচণ্ড তাপ তৈরি হয়ে আশপাশে থাকা দাহ্য বস্তুতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই গরমের সময় গাড়ির ড্যাশবোর্ড বা অন্য কোনো স্থানে পারফিউমের বোতল, ডিওডোরেন্ট ক্যান এবং অন্যান্য দাহ্য পণ্য রেখে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়ির সামনের কাচে সানশেড ব্যবহার করলে সরাসরি সূর্যের আলো ভেতরে প্রবেশ কমানো এবং গাড়ির অভ্যন্তরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গ্রীষ্মকালে বাইরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সরাসরি রোদে পার্ক করা গাড়ির ভেতরের তাপমাত্রা মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে আরো প্রায় ১৫ ডিগ্রি বেড়ে ৫০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। গাড়ি ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত রোদে থাকলে ভেতরের তাপমাত্রা আরো প্রায় ২০ ডিগ্রি বেড়ে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর বাহরাইনে গ্রীষ্মে বাইরের তাপমাত্রা যখন ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, তখন গাড়ির ভেতরের তাপমাত্রা আরো ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে। ফলে এ বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।

সৌদি আরব

সৌদিতে নারীকে হয়রানি, অভিযুক্ত আটক

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক নারীকে যৌন হয়রানি এবং অপর এক ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রিয়াদ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শুরু করা হয়েছে এবং মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে একটি ম্যাসাজ সেন্টারে শালীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই প্রবাসীকেও আটক করা হয়েছে। জাজান পুলিশ, কমিউনিটি সিকিউরিটি মানব পাচারবিরোধী অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে তাদের আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ওই দুই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ম্যাসাজ সেন্টারের বিরুদ্ধে পৌরসভার নিয়ম লঙ্ঘনের কারণে জরিমানা আরোপের প্রক্রিয়াও সম্পন্ন করেছে জাজান পৌর কর্তৃপক্ষ।

ওমান

ওমানে ভিক্ষার আড়ালে সংঘবদ্ধ চক্র

ওমানে ভিক্ষাবৃত্তির আড়ালে একটি সংঘবদ্ধ চক্র কাজ করতে পারে বলে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের দাবি, অনেক ক্ষেত্রে যাদের রাস্তাঘাট বা বিভিন্ন স্থানে ভিক্ষা করতে দেখা যায়, তারা নিজের ইচ্ছায় নয় বরং এমন নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকতে পারেন, যারা তাদের ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এসব চক্র অসহায় ঝুঁকিপূর্ণ মানুষকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তির কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত না করে ধরনের ঘটনা বা কাউকে শোষণের শিকার হওয়ার সন্দেহ দেখা দিলে নাগরিক প্রবাসীদের তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী মসজিদ, সড়ক, সরকারি বা বেসরকারি স্থান কিংবা দোকানে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং ১০০ ওমানি রিয়াল জরিমানা হতে পারে। পুলিশের এই সতর্কবার্তার মূল লক্ষ্য হলো সংগঠিত ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের পাশাপাশি এসব চক্রের হাতে শোষিত বা নিয়ন্ত্রিত হতে পারেন এমন অসহায় ব্যক্তিদের সুরক্ষা দেওয়া।

কুয়েত

কুয়েতে অনলাইন কেনাকাটাখোয়া গেল ৫০০ দিনার

কুয়েতে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে ৫০০ কুয়েতি দিনার হারিয়েছেন এক প্রবাসী। ভুক্তভোগী প্রবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি একটি ওয়েবসাইটে প্রবেশ করে প্রায় ২০ কুয়েতি দিনারের পণ্য কেনার চেষ্টা করেন। কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতে ওয়েবসাইটে তার ব্যাংকসংক্রান্ত তথ্য দিতে বলা হলে তিনি তা প্রদান করেন। এরপর একটি বার্তায় তাকে জানানো হয়, তার পেমেন্ট সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে সন্দেহ না করলেও পরে ব্যাংক হিসাব পরীক্ষা করে তিনি দেখতে পান, তার অ্যাকাউন্ট থেকে পাঁচটি পৃথক লেনদেনের মাধ্যমে মোট ৫০০ কুয়েতি দিনার তুলে নেওয়া হয়েছে। এরপর তিনি যে ওয়েবসাইটে কেনাকাটার চেষ্টা করেছিলেন, সেটির তথ্যসহ ঘটনার বিস্তারিত নিরাপত্তা কর্তৃপক্ষকে জানান। তদন্তকারীরা এখন ওই ওয়েবসাইট লেনদেনের সূত্র ধরে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছেন। ঘটনার পর কুয়েতের নিরাপত্তা কর্মকর্তারা নাগরিক প্রবাসীদের অনলাইনে কেনাকাটার সময় বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অপরিচিত বা অবিশ্বস্ত ওয়েবসাইটে কেনাকাটার আগে সেটির বিশ্বাসযোগ্যতা যাচাই না করে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর, পাসওয়ার্ড বা অন্য কোনো আর্থিক তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo