মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ আগস্ট ২০২৬
মদিনায় বিপুল উন্নয়ন কাজ, লক্ষাধিক চাকরির সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৪:৫১
বাহরাইন
বাহরাইনে বিদেশি কমিয়ে স্থানীয়দের চাকরির আহ্বান
বাহরাইনে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট সীমিত করে স্থানীয় নাগরিকদের আরো বেশি কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির এমপি ড. মুনির সেরুর। তার মতে, কর্মক্ষেত্রে ‘বাহরাইনাইজেশন’ বা বাহরাইনিদের অগ্রাধিকার নিশ্চিত করা হলে বিদেশে রেমিট্যান্স হিসেবে অর্থের প্রবাহ কমবে এবং স্থানীয় অর্থনীতিতে কর্মীদের বেতন ও আয় আরো বেশি পরিমাণে বাড়বে, তা দেশের বাজারে অর্থের প্রবাহ বাড়াতে সহায়তা করবে। শ্রম মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মসংস্থান, বেকার ভাতা ও সহায়তা এবং শ্রম সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ড. সেরুর বলেন, বাহরাইনাইজেশন শুধু নির্দিষ্ট কোটা নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং কতজন বাহরাইনি বাস্তবে চাকরি পেয়েছেন, সেটিই এর সাফল্যের প্রধান মাপকাঠি হওয়া উচিত। নিয়োগদাতাদের প্রকৃত চাহিদার সঙ্গে স্থানীয় চাকরিপ্রার্থীদের দক্ষতা ও যোগ্যতার মিল ঘটাতে হবে এবং যেখানে দক্ষতার ঘাটতি রয়েছে, সেখানে চাকরির প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থার ওপর জোর দেন তিনি। কোনো পদে প্রয়োজনীয় দক্ষতা থাকা কিংবা প্রশিক্ষণের মাধ্যমে সেই দক্ষতা অর্জনের সুযোগ থাকলে ওই চাকরিতে বাহরাইনি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সৌদি আরব
মদিনায় বিপুল উন্নয়ন কাজ, লক্ষাধিক চাকরির সুযোগ সৃষ্টি
সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ২০০ বিলিয়ন সৌদি রিয়াল ব্যয়ে ২৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ১ লাখ ২৫ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে মদিনা চেম্বার অব কমার্সের এক প্রতিবেদনে। ২০২৫ সাল থেকে চলমান এসব প্রকল্পের প্রায় ৮০ শতাংশই বাণিজ্যিক খাতে। খাতভিত্তিক হিসাবে বাণিজ্যিক খাতে রয়েছে ২০৬টি প্রকল্প, বাণিজ্যিক আবাসন খাতে ২৫টি, স্বাস্থ্য খাতে ১১টি, আবাসিক খাতে ১০টি এবং শিক্ষা খাতে ৮টি প্রকল্প। এছাড়া ধর্মীয় খাতে ৫টি, পর্যটন খাতে ৪টি, সরকারি সুবিধা অবকাঠামোয় ৬টি, করপোরেট খাতে ৩টি এবং বিনোদন ও কৃষি খাতে একটি করে প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো নগর অবকাঠামো ও জনসেবার মান উন্নত করা এবং ক্রমবর্ধমান হজ, ওমরাহ ও পর্যটনার্থীদের চাহিদা পূরণ করা। সৌদি আরবের ২০৩০ ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে বছরে ৩ কোটি দর্শনার্থী গ্রহণের লক্ষ্য পূরণেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিপুল বিনিয়োগের কারণে মদিনার অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বিস্তৃত হবে এবং নির্মাণ, পরিবহন ও লজিস্টিকস, বাণিজ্য, পর্যটন, আতিথেয়তা, ক্যাটারিং ও রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশন সহজ করতে নানা উদ্যোগ
দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাত্রীসেবা আরো দ্রুত ও সহজ করতে নতুন করে সেলফ-সার্ভিস সুবিধা সম্প্রসারণ এবং রিমোট ডিপার্চার ব্যবস্থাকে আরো আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন উদ্যোগের ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানো, বারবার পাসপোর্ট বা বোর্ডিং পাস দেখানো এবং বিভিন্ন ধাপে অপেক্ষা করার প্রয়োজন কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরে ইতোমধ্যে চেক-ইন, বোর্ডিং পাস সংগ্রহ, ব্যাগেজ ট্যাগ প্রিন্ট এবং লাগেজ জমা দেওয়ার মতো কিছু কাজ কর্মী ছাড়াই করার সুযোগ রয়েছে; এবার এই সেলফ-সার্ভিস ব্যবস্থার পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই সঙ্গে মুখ শনাক্তকরণসহ বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহারও আরো সম্প্রসারণ করা হবে। বর্তমানে চেক-ইন, ইমিগ্রেশন, লাউঞ্জে প্রবেশ ও বোর্ডিংয়ের বিভিন্ন পর্যায়ে বায়োমেট্রিক ব্যবস্থা চালু রয়েছে এবং যোগ্য যাত্রীরা স্মার্ট গেটের মাধ্যমে ক্যামেরার সামনে মুখ দেখিয়েই পাসপোর্ট নিয়ন্ত্রণ পার হতে পারেন। এমিরেটস টার্মিনাল-৩-এ ২০০টির বেশি বায়োমেট্রিক ক্যামেরা স্থাপনে ৮ কোটি ৫০ লাখ দিরহাম বিনিয়োগ করেছে। এছাড়া বিমানবন্দরের এআইচালিত ‘রেড কার্পেট’ ইমিগ্রেশন করিডোরে একসঙ্গে ১০ জন পর্যন্ত যাত্রীকে কোনো কাগজপত্র দেখানোর জন্য থামতে না দিয়েই প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং কিছু ক্ষেত্রে পাসপোর্ট নিয়ন্ত্রণে মাত্র ৬ সেকেন্ড সময় লাগছে।
ওমান
ওমানে হতে যাচ্ছে চন্দ্রগ্রহণ, দেখা যাবে শেষরাতে
ওমানে আগামী শুক্রবার ২৮ আগস্ট ভোরে একটি সংক্ষিপ্ত পেনামব্রাল বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, ওমানের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিট থেকে ৫টা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ২০ মিনিট এই মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সুযোগ মিলবে। তবে সূর্যোদয়ের ঠিক আগের সময় হওয়ায় এবং চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করায় গ্রহণটি খালি চোখে স্পষ্টভাবে দেখা কঠিন হতে পারে। এ সময় পৃথিবীর ছায়ার বাইরের অপেক্ষাকৃত হালকা অংশ চাঁদের ওপর পড়বে। ফলে পূর্ণ বা গভীর আংশিক চন্দ্রগ্রহণের মতো চাঁদের বড় অংশ অন্ধকার হয়ে যাওয়ার দৃশ্য দেখা যাবে না; বরং চাঁদের উজ্জ্বলতায় সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। ২৮ আগস্টের এই চন্দ্রগ্রহণটি বিশ্বব্যাপী একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণের অংশ, যার সবচেয়ে স্পষ্ট পর্যায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য তাই ভোরের আগে খোলা ও দিগন্ত পরিষ্কার এমন স্থান থেকে দক্ষিণ-পশ্চিম আকাশের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েত
কুয়েতে ইকামা অমান্য করায় আটক বহু প্রবাসী
কুয়েতের রাজধানী গভর্নরেটের বিভিন্ন এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে ১৮৭ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৫ আগস্ট পরিচালিত এ অভিযানে অপরাধ, পলাতক থাকা, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়। নিরাপত্তা জোরদার, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে রাজধানী গভর্নরেট নিরাপত্তা অধিদপ্তর, কুয়েত মিউনিসিপ্যালিটি এবং পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আদালতের নির্দেশে ২৩ জনকে বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ১০টি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক গ্যারেজে পাঠানো হয়েছে, তিনজন অবৈধ ফেরিওয়ালাকে আটক করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনশৃঙ্খলা ও পরিচয়সংক্রান্ত আইন ভঙ্গের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে; অস্বাভাবিক অবস্থায় থাকা একজন, ভিক্ষাবৃত্তির অভিযোগে দুজন এবং বৈধ পরিচয়পত্র না থাকায় আরো চারজনকে আটক করা হয়েছে। একই অভিযানে মোট ৪৪৫টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)