মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ আগস্ট ২০২৬
সৌদিতে ইকামার বাইরে কাজ না করার নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৬:০৬
বাহরাইন
বাহরাইনে গরমের কারণে বাড়ছে রোগবালাই
বাহরাইনে তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার কারণে মানুষের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, পানিশূন্যতা ও হাঁপানির সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে গরমজনিত অসুস্থতা নিয়ে রোগীর উপস্থিতিও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে দীর্ঘসময় বাইরে থাকলে শরীর অতিরিক্ত ঘামে এবং ঘামের সঙ্গে পানি ও সোডিয়াম, ক্লোরাইডসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট বের হয়ে যায়। ফলে শরীরে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হয়ে মাথা ঘোরা, দুর্বলতা, অবসাদ, অতিরিক্ত ক্লান্তি এমনকি দৈনন্দিন কাজ করার সক্ষমতাও কমে যেতে পারে। বিশেষ করে যারা নির্মাণকাজ, ডেলিভারি, পরিচ্ছন্নতা বা অন্যান্য শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত, তাদের দীর্ঘসময় গরমে কাজ করার কারণে ঝুঁকি আরো বেশি। চিকিৎসকরা এই সময়ে পানির পাশাপাশি ইলেকট্রোলাইটও গ্রহণের পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়া শ্বাসতন্ত্রের ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে। ফলে হাঁপানি রোগীদের কাশি, শ্বাসকষ্ট, বুক চেপে আসা বা অন্যান্য উপসর্গ আরো তীব্র হতে পারে। এ কারণে চিকিৎসকরা দিনের সবচেয়ে গরম সময়ে সরাসরি রোদে বের হওয়া ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত পানি পান, প্রয়োজনীয় বিশ্রাম এবং শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন।
সৌদি আরব
সৌদিতে ইকামার বাইরে কাজ না করার নির্দেশনা
সৌদি আরবে ইকামায় উল্লেখিত কাজের বাইরে অবৈধভাবে কাজ করলে প্রবাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে কাজ করা কিংবা প্রয়োজনীয় অনুমতি ছাড়া নিজস্বভাবে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত হলে তা সৌদি শ্রম ও আবাসন আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অপরাধের জন্য প্রবাসীদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয়দণ্ড এবং সেই সঙ্গে সৌদি আরব থেকে বহিষ্কারের মুখোমুখি হওয়ার মতো শাস্তির সম্মুখীন হতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ভঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী এসব শাস্তি কার্যকর হতে পারে। বিশেষ করে ইকামার পেশা বা অনুমোদিত কর্মক্ষেত্রের বাইরে গিয়ে অতিরিক্ত কাজ করার আগে প্রবাসীদের প্রয়োজনীয় বৈধ অনুমতি ও নিয়মকানুন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিয়ম না মেনে অন্যের প্রতিষ্ঠানে কাজ করা বা অনুমোদনহীনভাবে অর্থ উপার্জন করলে শুধু জরিমানাই নয়, কারাদণ্ডের পাশাপাশি দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও রয়েছে।
ওমান
ওমানে ভিক্ষুকদের কড়া হুঁশিয়ারি
ওমানে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কথা জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ, সড়ক, সরকারি বা বেসরকারি স্থান, দোকানসহ যে কোনো জায়গায় ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং ১০০ ওমানি রিয়াল জরিমানা হতে পারে। ২৪ আগস্ট ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওমানের পেনাল কোড অনুযায়ী, এসব স্থানে ভিক্ষা করা একটি গুরুতর অপরাধ। আইনে এই অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড ও ১০০ ওমানি রিয়াল জরিমানার বিধান রয়েছে; আদালত পরিস্থিতি অনুযায়ী দুটি শাস্তির যে কোনো একটি আরোপ করতে পারে। দেশটির পাবলিক প্রসিকিউশন সাধারণ মানুষকে আইন মেনে চলার পাশাপাশি প্রকাশ্য স্থানে ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেছে। কর্তৃপক্ষের এই পদক্ষেপের মাধ্যমে ওমানে প্রকাশ্য স্থানে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যমান আইন আরো কঠোরভাবে প্রয়োগের বিষয়টি স্পষ্ট হয়েছে।
কুয়েত
কুয়েতে কঠোর হচ্ছে প্রবাসী কর্মী নিয়োগ
কুয়েতে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাই আরো কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের প্রতিষ্ঠান তাকামোল হোল্ডিংয়ের সঙ্গে শ্রমবাজারসংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছে। নতুন এই অংশীদারিত্বের আওতায় কুয়েতে নিয়োগের আগে প্রবাসী কর্মীদের দক্ষতা পরিমাপ ও পরীক্ষা করার জন্য আধুনিক ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা হবে। ম্যানপাওয়ার কর্তৃপক্ষের পরিচালক রাবাব আল-ওসাইমি জানিয়েছেন, শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কর্মী বাছাই করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এর ফলে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া বা অনিয়মিতভাবে কর্মী নিয়োগের প্রবণতা কমবে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ার পাশাপাশি কুয়েতের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন দক্ষতা যাচাই ও পরীক্ষাব্যবস্থা প্রবাসী কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরো নিয়ন্ত্রিত করবে এবং ভিসা বাণিজ্য বা ভিসা পাচারের মতো অনিয়ম ঠেকাতে সহায়তা করবে। উদ্যোগটির অংশ নিয়োগের আগে কর্মীদের সেই দক্ষতা রয়েছে কিনা, তা যাচাই করা হবে। ফলে ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে কুয়েত যেতে চান, তাদের তাকামোলের দক্ষতা সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সুহাইল মৌসুম শুরু, তাপ কমবে ধীরে ধীরে
আমিরাতে ২৪ আগস্ট থেকে ‘সুহাইল’ মৌসুম শুরু হয়েছে, যা আরব উপদ্বীপে দীর্ঘদিন ধরে গ্রীষ্মের তীব্র দাবদাহ ধীরে ধীরে কমে আসা এবং তুলনামূলক সহনীয় আবহাওয়ার আগমনকে নির্দেশ করেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সাধারণত ২০ আগস্টের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে, যদিও সেপ্টেম্বরের শেষ পর্যন্ত গরম ও উচ্চ আর্দ্রতা অব্যাহত থাকতে পারে এবং ভোরের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। ঐতিহ্যগতভাবে এ সময়ে ভোরে পানি ও মাটির তাপমাত্রা কিছুটা কমে আসা, আগের সন্ধ্যায় পানি দেওয়া মাটিতে সকালে আর্দ্রতা ধরে রাখা এবং উটের পানির প্রয়োজন কমে যাওয়াকে আবহাওয়ার পরিবর্তনের লক্ষণ হিসেবে ধরা হয়। এ সময় সামর গাছের দক্ষিণ দিক থেকে সবুজ হয়ে ওঠা এবং কিছু সামুদ্রিক পাখির আগমনও লক্ষ্য করা যায়। সুহাইলের আবির্ভাব ঐতিহ্যবাহী আল দ্রুর ক্যালেন্ডার অনুযায়ী আল-সাফরির প্রথম ১০ দিনের সূচনাও নির্দেশ করে। তাপমাত্রা ধীরে ধীরে সহনীয় হয়ে আসায় কৃষকরা নতুন কৃষি মৌসুমের প্রস্তুতি নিতে শুরু করেন, গবাদিপশুর মালিকরা ভেড়ার খুর পরিচর্যা করেন এবং সমুদ্রের তাপমাত্রা কমতে শুরু করলে মাছও উপকূলের কাছাকাছি চলে আসে।
logo-1-1740906910.png)