ওমানে ৬০ বছরের বেশি প্রবাসীদের কাজের অনুমতি বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৪
ওমান সরকার প্রবাসী কর্মীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে। ৬০ বছরের বেশি বয়সী বিদেশি কর্মীদের আর আর কাজের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে তাদের ওয়ার্ক পারমিট নবায়নও বন্ধ করা হয়েছে। গালফ নিউজের সংবাদে বলা হয়েছে, এর ফলে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অনেক প্রবাসী কর্মী চাকরি ও বসবাস নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
২০২২ সালে ওমান সরকার বয়সসীমা তুলে দিয়েছিল। তখন বলা হয়েছিল, ৬০ বছরের বেশি বয়সী অভিজ্ঞ কর্মীদেরও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বাওয়াইন জানিয়েছিলেন, ওমানাইজেশন নীতি পূরণ করা কোম্পানিগুলো যেন দক্ষ কর্মীদের ধরে রাখতে পারে, সে জন্যই এই ছাড় দেওয়া হয়েছিল।
কিন্তু নতুন সিদ্ধান্তে সেই নীতি বাতিল হলো। এখন থেকে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হবে না।
কয়েকজন প্রবাসী জানিয়েছেন, সম্প্রতি তাদের নিয়োগকর্তারা ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে তারা চাকরি হারানোর শঙ্কায় আছেন। অনেকেই মনে করেছিলেন, ২০২২ সালের নিয়ম অনুযায়ী তারা আরও কয়েক বছর কাজ করতে পারবেন। কিন্তু হঠাৎ নীতি বদলে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।
ওমানের শ্রম মন্ত্রণালয় এখনো ওয়েবসাইটে প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নের সেবা তালিকাভুক্ত রেখেছে। তবে সেখানে বয়সসীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। বাস্তবে ৬০ বছরের বেশি বয়সীদের আবেদন গ্রহণ করা হচ্ছে না।
এই সিদ্ধান্তে ওমানের শ্রমবাজারে পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে কাজ করা অভিজ্ঞ কর্মীরা বাদ পড়ায় কিছু কোম্পানি দক্ষ জনশক্তির ঘাটতিতে পড়তে পারে। তবে সরকার মনে করছে, স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে এই পদক্ষেপ কার্যকর হবে।
logo-1-1740906910.png)