দুবাইয়ে বকেয়া ট্রাফিক জরিমানা ও মেয়াদোত্তীর্ণ গাড়ির রেজিস্ট্রেশনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। চলতি বছরের প্রথম ছয় মাসে পরিচালিত বিভিন্ন ট্রাফিক অভিযানে মোট ৪৯৭টি গাড়ি জব্দ করা হয়েছে। দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুয়াইদান জানিয়েছেন, এসব গাড়ির কয়েকটির বিরুদ্ধে হাজার হাজার দিরহামের বকেয়া জরিমানা ছিল। আবার কিছু গাড়ির রেজিস্ট্রেশন কয়েক বছর ধরে নবায়ন করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিন ট্রাফিক জরিমানা পরিশোধ না করা এবং মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন নিয়ে গাড়ি চালালে শেষ পর্যন্ত গাড়ি জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা এবং অতিরিক্ত আর্থিক খরচের মুখে পড়তে হতে পারে।
পুলিশ জানিয়েছে, গাড়ি জব্দ করার আগে সাধারণত মালিকদের ফোন কল, এসএমএস ও ই-মেইলের মাধ্যমে বকেয়া জরিমানা পরিশোধ এবং রেজিস্ট্রেশন নবায়নের জন্য সতর্ক করা হয়। তবে সতর্কতার পরও যারা ব্যবস্থা নেননি, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে রাস্তায়, পার্কিং এলাকায় ও অন্যান্য স্থানে বকেয়া জরিমানা বা মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন থাকা গাড়ি শনাক্ত করছে পুলিশ। গাড়ির মালিকদের নিয়মিত নিজেদের ট্রাফিক রেকর্ড যাচাই এবং জরিমানা দ্রুত পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)