Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এবং আলহাজ মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা-২০২৬’এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বাদ আসর আজমানের উম্মুল মোমেনীন ওমেন্স অ্যাসোসিয়েশন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্য, তাদের পরিবার এবং বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় তিন সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এ প্রতিযোগিতায় আমিরাতের বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক প্রতিযোগী বিভিন্ন পর্বে অংশ নেন। আগস্টের শুরুতে অনুষ্ঠিত সেমিফাইনালে ৩৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন ফাইনালের জন্য নির্বাচিত হন। চূড়ান্ত পর্বে বিচারকদের মূল্যায়নে মোহাম্মদ ফোরকান প্রথম, মোহাম্মদ বাবর দ্বিতীয় এবং মোহাম্মদ ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরী। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারি জেনারেল আলহাজ মো. ওমর গনি।

অনুষ্ঠানে গাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ আজম খান, কেবিনেট মেম্বার আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ মোহাম্মদ আলী জামাল, হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ মউন উদ্দিনসহ বাংলাদেশ কমিউনিটির ভিআইপি, সিআইপি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঁচ সদস্যের বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আরশাদ হোসেন হিরুসহ আমন্ত্রিত অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেককে সনদ, ক্রেস্ট, বিশেষ পুরস্কার ও ওমরাহ প্যাকেজ প্রদান করা হয়।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন আলহাজ মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ জানে আলম, শায়ের মুহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ আল রোমান।

আয়োজকরা জানান, সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের আয়োজন এবারই প্রথম। প্রতিযোগিতার বিজয়ী, বিচারক, অংশগ্রহণকারী ও উপস্থিত প্রবাসীরা আয়োজনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।



Logo