মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ আগস্ট ২০২৬
সৌদিতে দেড় হাজারের বেশি বিনিয়োগ, প্রবাসীদের কর্মসংস্থানের আশা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩:৩৮
বাহরাইন
বাহরাইনে আপত্তিকর ভিডিও প্রকাশ, এক ব্যক্তি গ্রেপ্তার
বাহরাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যসহ একটি ভিডিও প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি, অর্থনৈতিক ও ইলেকট্রনিক নিরাপত্তা অধিদপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে করা কিছু মন্তব্য নিয়ে উদ্বেগের পর বিষয়টি তাদের নজরে আসে। এরপর ভিডিওটির বিষয়বস্তু ও এর সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক মাধ্যমে এমন কোনো কনটেন্ট প্রকাশ করা হলে যা আইন লঙ্ঘন করে বা জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিরূপ প্রভাব তৈরি করতে পারে, সেসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলার পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে। বাহরাইনের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনলাইনে কোনো ভিডিও, মন্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসছে।
সৌদি আরব
সৌদিতে দেড় হাজারের বেশি বিনিয়োগ, প্রবাসীদের কর্মসংস্থানের আশা
সৌদি আরবে চলতি বছরের প্রথম ছয় মাসে ১৫টি খাতে প্রায় ১ হাজার ৭৩০টি বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে। দেশটির বিনিয়োগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব সুযোগ সৌদি অর্থনীতিকে আরো বৈচিত্র্যময় করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া হয়েছে। বিনিয়োগের সম্ভাবনাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতজুড়ে বিস্তৃত, ফলে নতুন ব্যবসা ও বিনিয়োগের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে। সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো তেলনির্ভর অর্থনীতির পাশাপাশি পর্যটন, শিল্প, প্রযুক্তি, অবকাঠামো ও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানো। এই নতুন বিনিয়োগগুলো সেই বৃহত্তর অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনারই অংশ। মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুযোগগুলো চিহ্নিত ও উপস্থাপনের মাধ্যমে সৌদি আরবের বিনিয়োগ পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাজারের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। আর এসব বিনিয়োগ বাস্তবায়ন হলে প্রবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে জব্দ হলো ৪৯৭টি গাড়ি
দুবাইয়ে বকেয়া ট্রাফিক জরিমানা ও মেয়াদোত্তীর্ণ গাড়ির রেজিস্ট্রেশনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। চলতি বছরের প্রথম ছয় মাসে পরিচালিত বিভিন্ন ট্রাফিক অভিযানে মোট ৪৯৭টি গাড়ি জব্দ করা হয়েছে। দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুয়াইদান জানিয়েছেন, এসব গাড়ির কয়েকটির বিরুদ্ধে হাজার হাজার দিরহামের বকেয়া জরিমানা ছিল। আবার কিছু গাড়ির রেজিস্ট্রেশন কয়েক বছর ধরে নবায়ন করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিন ট্রাফিক জরিমানা পরিশোধ না করা এবং মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন নিয়ে গাড়ি চালালে শেষ পর্যন্ত গাড়ি জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা এবং অতিরিক্ত আর্থিক খরচের মুখে পড়তে হতে পারে। পুলিশ জানিয়েছে, গাড়ি জব্দ করার আগে সাধারণত মালিকদের ফোন কল, এসএমএস ও ই-মেইলের মাধ্যমে বকেয়া জরিমানা পরিশোধ এবং রেজিস্ট্রেশন নবায়নের জন্য সতর্ক করা হয়। তবে সতর্কতার পরও যারা ব্যবস্থা নেননি, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে রাস্তায়, পার্কিং এলাকায় ও অন্যান্য স্থানে বকেয়া জরিমানা বা মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন থাকা গাড়ি শনাক্ত করছে পুলিশ। গাড়ির মালিকদের নিয়মিত নিজেদের ট্রাফিক রেকর্ড যাচাই এবং জরিমানা দ্রুত পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওমান
ওমানে অবৈধ প্রবেশের অভিযোগে এশীয় গ্রেপ্তার
ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১২ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির মুসান্দাম গভর্নরেট পুলিশ কমান্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা বৈধ অনুমতি বা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ছাড়াই ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযান চালিয়ে তাদের শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মুসান্দাম অঞ্চলে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তা নজরদারি জোরদার রয়েছে। ওমানে বৈধ ভিসা ও অনুমোদিত প্রবেশপথ ছাড়া দেশটিতে প্রবেশের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই বিদেশি নাগরিকদের ওমানে ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে প্রয়োজনীয় ভিসা ও প্রবেশের অনুমতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েত
কুয়েতে ৪৪১ প্রবাসীর ঠিকানা বাতিল, ব্যাচেলরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
কুয়েতে প্রাইভেট ও মডেল আবাসিক এলাকায় অবৈধভাবে বসবাসকারী প্রবাসী ব্যাচেলরদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকায় ব্যাচেলরদের আবাসন, অননুমোদিতভাবে বাড়ি ভাড়া দেওয়া এবং আবাসিক ঠিকানা সংক্রান্ত অনিয়ম শনাক্ত করতে মাঠপর্যায়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। বিশেষ করে যেসব বাড়িতে নিয়মবহির্ভূতভাবে বিপুলসংখ্যক ব্যাচেলর প্রবাসী বসবাস করছেন, সেসব স্থাপনা নজরদারির আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি কুয়েতের কর্তৃপক্ষ আবাসিক ঠিকানা নিয়েও কঠোর ব্যবস্থা নিচ্ছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৪৪১ জনের নিবন্ধিত আবাসিক ঠিকানা বাতিল করা হয়েছে। বাড়ির মালিকদের দেওয়া তথ্য বা ভবন ভেঙে ফেলার কারণে এসব ঠিকানা রেজিস্ট্রি থেকে সরানো হয়েছে। যাদের ঠিকানা বাতিল হয়েছে, তাদের নতুন ঠিকানা ৩০ দিনের মধ্যে অফিসে গিয়ে অথবা সাহেল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকানা হালনাগাদ না করলে আইন অনুযায়ী সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে প্রবাসীদের সতর্ক করা হয়েছে, তারা যেখানে প্রকৃতপক্ষে বসবাস করছেন, সেই ঠিকানাই সরকারি রেকর্ডে সঠিকভাবে নিবন্ধিত রাখতে হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা ছাড়াও অন্যান্য প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
logo-1-1740906910.png)