Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ আগস্ট ২০২৬

কুয়েতে মোবাইলে মানি ট্রান্সফারে কড়াকড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৫:৫৬

কুয়েতে মোবাইলে মানি ট্রান্সফারে কড়াকড়ি

বাহরাইন

বাহরাইনে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে পুলিশের সতর্কতা

বাহরাইনে বাসাবাড়িতে আগুনের ঝুঁকি কমাতে নাগরিক ও বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। কর্তৃপক্ষ বলছে, বাড়িতে স্মোক ও গ্যাস ডিটেক্টর স্থাপন করলে আগুন বা গ্যাস লিকের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব। বিশেষ করে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিদ্যুৎ চলে গেলেও যাতে সতর্ক সংকেত পাওয়া যায়, সে জন্য ব্যাটারিচালিত ডিটেক্টর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমন এক সময় পুলিশের তরফ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, যখন ১৮ আগস্ট দেশটির আল রামলি এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়। বাহরাইন সিভিল ডিফেন্স জানিয়েছেন, রান্নাঘরে উপযুক্ত ফায়ার এক্সটিংগুইশার রাখা ব্যবহারের পর গ্যাস সিলিন্ডার বন্ধ করে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিগারেট ও শীশার আগুন পুরোপুরি নিভে গেছে কিনা, সেটিও নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ আরো বলেছে, দাহ্য তরল পদার্থ আগুন, অতিরিক্ত তাপ ও বৈদ্যুতিক উৎস থেকে দূরে রাখতে হবে এবং রান্নাঘর ও স্টোরেজ এলাকায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আর বাড়িতে আগুন লাগলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় জানালা খুলে না দেওয়ার পরামর্শও দিয়েছে সিভিল ডিফেন্স।

সৌদি আরব

সৌদি আরবে জিসিসি দেশগুলোর গাড়ির জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবে জিসিসি দেশগুলোর নম্বরপ্লেটযুক্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে নতুন নিয়ম চালু হচ্ছে। ২৬ আগস্ট ২০২৬ থেকে এসব গাড়ি সৌদি আরবে সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবে। তবে এই ৯০ দিন হিসাব হবে ৩৬৫ দিনের মধ্যে, অর্থাৎ একটানা বা আলাদা আলাদা মিলিয়েও মোট ৯০ দিনের বেশি থাকা যাবে না। নিয়মটি সৌদি নাগরিক ও বাসিন্দাদের মালিকানাধীন জিসিসি রেজিস্টার্ড গাড়ি এবং তাদের অনুমোদিত চালকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গাড়ি প্রবেশ ও বের হওয়ার তথ্য কাস্টমস কর্তৃপক্ষ রেকর্ড করবে, যাতে নির্ধারিত সময়সীমা ঠিকভাবে হিসাব করা যায়। তবে ৯০ দিন শেষ হওয়ার আগে সর্বোচ্চ আরো ৩০ দিনের জন্য সময় বাড়ানোর আবেদন করা যাবে এবং এই সেবা আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ও ইনস্যুরেন্স থাকতে হবে এবং ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর আবেদন গ্রহণ করা হবে না। বর্তমানে সৌদিতে থাকা জিসিসি নম্বরের গাড়িগুলোর জন্যও ২৬ আগস্ট থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৯০ দিনের সংশোধনী সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গাড়ি সৌদি আরব থেকে বের করে নিতে হবে অথবা প্রয়োজনীয় কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি নম্বরপ্লেট নিতে হবে। আর নির্ধারিত সময়ের বেশি গাড়ি সৌদিতে রাখলে ১ হাজার থেকে ২ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি গাড়ি জব্দও করা হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বৈরী আবহাওয়া, পার্ক-সৈকতের বিষয়ে সতর্কতা

আমিরাতে টানা ভারী বৃষ্টি, বজ্রপাত ও অস্থিতিশীল আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পর আবুধাবির পার্ক, বিনোদনকেন্দ্র ও সংশ্লিষ্ট সৈকতগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের সৈকতে গেলে অবশ্যই নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং শুধু নির্ধারিত সৈকত সীমানাতেই সাঁতার কাটতে হবে। আবুধাবির নির্ধারিত সাঁতারের সৈকতের মধ্যে রয়েছে কর্নিচ সৈকত ও আল বাতিনাহ বীচ। এদিকে জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায় আগামী দিনগুলোতেও মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে আবারো বৃষ্টি ও বজ্রসহ মেঘ তৈরি হতে পারে। আবুধাবি পুলিশও বৃষ্টির সময় গাড়িচালকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অস্থায়ী গতিসীমা চালু হলে তা মেনে চলা, গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখা এবং হঠাৎ ব্রেক বা তীক্ষ্ণভাবে গাড়ি ঘোরানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ওমান

ওমানে গোলাগুলিএকজনের মৃত্যু

ওমানে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরো দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নর্থ আল শারকিয়াহ গভর্নরেটের ইবরা এলাকার আল হাইমাহ অঞ্চলে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এক ওমানি নাগরিক তিনজনের ওপর গুলি চালানোর অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এবং সেই বিরোধের জেরেই গুলির ঘটনা ঘটে থাকতে পারে। গুলিতে আহত তিনজনের মধ্যে একজনের ঘটনাস্থল বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়, আর বাকি দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নর্থ আল শারকিয়াহ গভর্নরেট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে।

 

কুয়েত

কুয়েতে মোবাইলে মানি ট্রান্সফারে কড়াকড়ি

কুয়েতে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণা, গ্রাহকের তথ্য চুরি, মানি লন্ডারিং এবং অনুমতি ছাড়া লেনদেনের ঝুঁকিও বাড়ছে। এসব ঝুঁকি কমাতে এখন টাকা পাঠানোর উদ্দেশ্য, প্রয়োজনীয় কাগজপত্র, গ্রাহকের পরিচয়, প্রাপকের তথ্য এবং টাকার উৎস ও গন্তব্য আরো কঠোরভাবে যাচাই করা হচ্ছে। তবে বড় অঙ্কের টাকা পাঠানোর প্রয়োজন হলে এক্সচেঞ্জ কোম্পানির শাখায় সরাসরি গিয়ে লেনদেন করা যাবে। সে ক্ষেত্রে গ্রাহকের পরিচয়, ব্যাংক অ্যাকাউন্টের মালিকানা, টাকার উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং যাকে টাকা পাঠানো হচ্ছে, তার তথ্য যাচাই করে তারপর লেনদেন সম্পন্ন করা হবে। অর্থাৎ কুয়েতে যারা নিয়মিত অনলাইনে দেশে টাকা পাঠান, তাদের এখন থেকে অ্যাপের মাধ্যমে একবারে আগের মতো বড় অঙ্কের টাকা পাঠানোর সুযোগ নাও থাকতে পারে। আরব টাইমস জানিয়েছে, কুয়েতে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে নতুন করে সীমা কমিয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি। এখন থেকে তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগতভাবে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা আগের তুলনায় প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ কমানো হয়েছে। কিছু এক্সচেঞ্জ কোম্পানি দৈনিক অনলাইন ট্রান্সফারের সীমা ১০ হাজার কুয়েতি দিনার থেকে কমিয়ে ৩ হাজার দিনার করেছে, আবার কিছু প্রতিষ্ঠানে এই সীমা ২ হাজার ৫০০ দিনার নির্ধারণ করা হয়েছে।

Logo