সৌদি আরবে ৫ হাজার পাকিস্তানি পাসপোর্ট জব্দ করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, এসব পাসপোর্ট আফগান নাগরিকদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। তিনি বলেন, জব্দ হওয়া পাসপোর্টধারীদের মধ্যে কেউ কেউ ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
প্রতিমন্ত্রী সংসদে জানান, সরকার প্রতিটি জব্দ বা যাচাইকৃত পাসপোর্টের বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত। ইতোমধ্যে পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন, গত এক মাসে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) অভিযান চালিয়ে শতাধিক এজেন্টকে গ্রেপ্তার করেছে। পাসপোর্ট সেবায় গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা বৈশিষ্ট্যও উন্নত করা হয়েছে।
সরকার ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (নাদরা) সঙ্গে কাজ করছে, যাতে সব কেন্দ্র থেকেই পাসপোর্ট সেবা পাওয়া যায়। এতে পাসপোর্ট অফিসে দীর্ঘ সারি কমবে এবং নাগরিকদের জন্য প্রক্রিয়া সহজ হবে।
প্রতিমন্ত্রী জানান, পাসপোর্ট এজেন্টদের সহায়তা করা কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কোনো অফিস বা কর্মকর্তা যদি নাগরিকদের সঙ্গে অসদাচরণ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মানুষের পাসপোর্ট ইস্যুতে বিলম্ব বা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেন। একইভাবে বেলুচিস্তানে জাতীয় পরিচয়পত্র বাতিল বা ব্লক করার অভিযোগও তিনি নাকচ করেন।
logo-1-1740906910.png)