Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:৪০

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার সাফল্য

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি চার প্রতিযোগী সাফল্য অর্জন করেছেন। বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের মোহাম্মদ জাকারিয়া, শেখ মোহাম্মদ মাহমুদ আল-হাসান, মাসফিরা বিনতে মাহমুদ ও রাবিতা বিনতে রমজান পুরস্কার পেয়েছেন।

পবিত্র কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরের সঙ্গে তিলাওয়াতের চতুর্থ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ জাকারিয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা। এই বিভাগে লিবিয়ার হাম্মাম মুস্তফা আল-ওবাইদ জুরাইকান দ্বিতীয় এবং কিরগিজস্তানের মিরবেকভ মুসা তৃতীয় হয়েছেন।

সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের জন্য পুরুষদের তৃতীয় বিভাগে বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় স্থান অর্জন করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল। এই বিভাগে লিবিয়ার নাজি আতিয়াহ নাজি বিন সুলাইমান প্রথম এবং তিউনিসিয়ার মোহাম্মদ আল-হাদি আল-গারবি দ্বিতীয় স্থান লাভ করেন।

নারীদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ ও তিলাওয়াতের জন্য বাংলাদেশের মাসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লাখ ৩৪ হাজার টাকা। এই বিভাগে আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া প্রথম এবং ঘানার জয়নাব আবদুর রহমান দ্বিতীয় হয়েছেন।

অন্যদিকে নারীদের চতুর্থ বিভাগে বাংলাদেশের রাবিতা বিনতে রমজান তৃতীয় স্থান অর্জন করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ ৩০ হাজার টাকা। এই বিভাগে প্রথম হয়েছেন মিয়ানমারের থিন জি মুন, দ্বিতীয় ফিলিস্তিনের রুবা শাহির ইউসুফ ইউনুস।

সৌদি সংবাদমাধ্যম আজেলের খবরে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট পুরস্কারের অর্থ এক কোটি সৌদি রিয়ালের বেশি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোরআন মুখস্থ, শুদ্ধ উচ্চারণ ও সুরের সঙ্গে তিলাওয়াতের দক্ষতা যাচাই করা হয়।

Logo