মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ আগস্ট ২০২৬
বাহরাইনে বাসিন্দাদের সাইরেনকে যথাযথ গুরুত্ব দিতে বলল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২০:৩৪
বাহরাইন
বাহরাইনে বাসিন্দাদের সাইরেনকে যথাযথ গুরুত্ব দিতে বলল পুলিশ
বাহরাইনে বারবার সাইরেনের শব্দ শুনে সেটিকে স্বাভাবিক ঘটনা মনে না করার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে কর্নেল ওসামা বাহার জানিয়েছেন, কোনো এলাকায় বারবার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকলে অনেক মানুষ ধীরে ধীরে সেটির সঙ্গে অভ্যস্ত হয়ে যান, ফলে প্রথমবারের মতো আর ভয় বা সতর্কতা অনুভব নাও করতে পারেন। কিন্তু এই অভ্যাসই বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সাইরেনের শব্দ শোনা মাত্রই সেটিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলেছে, সাইরেন বাজলে পরিস্থিতি দেখতে বাইরে বের হওয়া যাবে না। এমনকি কোনো কিছু প্রতিহত বা ইন্টারসেপশনের শব্দ শোনা গেলেও বাইরে না গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। কর্নেল ওসামা বাহার আরো সতর্ক করে বলেছেন, শুধু ঘরের ভেতরে থাকলেই যে নাগরিক বা বাসিন্দারা পুরোপুরি নিরাপদ— এমনটা ধরে নেওয়া যাবে না। ছাদে ওঠা, খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা কিংবা কোনো ধরনের উন্মুক্ত স্থানে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সতর্কতা জারি হলে বাসিন্দাদের একটি উপযুক্ত, নিরাপদ ও আড়ালযুক্ত স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব
সৌদিতে বিমানবন্দরে চালু হয়েছে নতুন সেবা
বিমানবন্দরে আর আগের মতো বারবার মাইকে ঘোষণা শোনা যাবে না। যাত্রীদের জন্য এমনই এক নতুন অভিজ্ঞতা চালু করেছে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।ইতোমধ্যে বিমানবন্দরের টার্মিনাল-৫ এ শুরু হয়েছে ‘সাইলেন্ট এয়ারপোর্ট’ প্রকল্পের প্রথম ধাপ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো টার্মিনালের ভেতরের অপ্রয়োজনীয় শব্দ ও বারবার দেওয়া সাধারণ অডিও ঘোষণা কমিয়ে যাত্রীদের জন্য আরো শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করা। নতুন ব্যবস্থায় সাধারণ ঘোষণা অনেকটাই সীমিত করা হবে এবং প্রয়োজনীয় ঘোষণা মূলত সংশ্লিষ্ট ডিপার্চার গেটের কাছেই দেওয়া হবে। তাহলে যাত্রীরা ফ্লাইটের আপডেট কীভাবে জানবেন? বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা এখন ফ্লাইটের সময়, গেট পরিবর্তনসহ প্রয়োজনীয় তথ্য ডিজিটাল স্ক্রিন, বিমানবন্দরের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া যাত্রীদের সহায়তার জন্য ‘Ask Me’ নামে কাস্টমার সার্ভিস টিমও থাকবে। অর্থাৎ মাইকে বারবার ঘোষণা শোনার পরিবর্তে যাত্রীদের আরো বেশি নির্ভর করতে হবে ডিজিটাল তথ্য ব্যবস্থার ওপর। তবে জরুরি বা প্রয়োজনীয় পরিস্থিতিতে নির্দিষ্ট ডিপার্চার গেটে ঘোষণা দেওয়া অব্যাহত থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাইলেন্ট এয়ারপোর্ট’ ব্যবস্থা ধীরে ধীরে আরো বাড়ানো করা হবে।
ওমান
ওমানে বিমানের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু
ওমান এয়ারে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে প্রতিটি বুকিংয়ের সঙ্গে যাত্রীর নিজের একটি সচল মোবাইল নম্বর এবং সক্রিয় ইমেইল অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। ১৮ আগস্ট থেকে কার্যকর হওয়া এই নিয়মের মূল উদ্দেশ্য হলো— ফ্লাইটে কোনো ধরনের দেরি, সময়সূচি পরিবর্তন বা হঠাৎ কোনো সমস্যা হলে যেন যাত্রী সরাসরি এয়ারলাইনের কাছ থেকেই দ্রুত আপডেট পান। বিশেষ করে যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটেন, তাদের জন্য এই নিয়মটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আগে অনেক ক্ষেত্রে এয়ারলাইনের গুরুত্বপূর্ণ বার্তা বা ফ্লাইটের পরিবর্তনের তথ্য এজেন্সির মাধ্যমে যাত্রীর কাছে পৌঁছাত, ফলে জরুরি তথ্য পেতে দেরি হওয়ার আশঙ্কা থাকত। নতুন নিয়মে সেই সমস্যা কমাতে ওমান এয়ার এখন থেকে সরাসরি যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে। তবে শুধু নম্বর দিলেই হবে না— মোবাইল নম্বরে অবশ্যই সঠিক আন্তর্জাতিক কান্ট্রি কোড থাকতে হবে এবং ইমেইল অ্যাড্রেসটি সক্রিয় হতে হবে। ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো তৃতীয় পক্ষের নম্বর যাত্রীর ব্যক্তিগত যোগাযোগের তথ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এসব নির্দেশনার কারণে প্রবাসী বাংলাদেশিদের সতর্কতার সাথে মেনে চলতে হবে।
কুয়েত
কুয়েতের জেলিবে দোকানপাটে আরো অভিযান
কুয়েতের জেলিব আল-শুয়ুখ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আবারো কঠোর অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা বিভাগ। ১৯ আগস্ট পরিচালিত এই অভিযানে রাজধানী ও আল-ফারওয়ানিয়া গভর্নরেটের পরিদর্শকরা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ভোক্তা অধিকার ও বাণিজ্যিক নিয়মকানুন না মানার বেশ কিছু ঘটনা শনাক্ত করেন। অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে, তার মধ্যে অন্যতম ছিল পণ্যের দাম স্পষ্টভাবে প্রদর্শন না করা, ক্রেতাকে কেনাকাটার রসিদ না দেওয়া এবং পণ্যের উৎপাদন বা উৎসের দেশ পরিষ্কারভাবে উল্লেখ না করা। কর্তৃপক্ষের মতে, এসব তথ্য ভোক্তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়ীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভায়োলেশন রিপোর্ট করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়গুলো কমার্শিয়াল প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এর আগে গত জুলাইতেও জেলিব আল-শুয়ুখ এলাকায় বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছিল, যেখানে ২২৭টি ভায়োলেশন রিপোর্ট দেওয়া এবং ৮টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।
logo-1-1740906910.png)