আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিলের কারণ জানতে পারেনি সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৪
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে কারণ অনুসন্ধান চলছে। এ বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১৮ আগস্ট বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইর প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে এবং বাতিলকৃত প্রবাসীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে।
২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের ওপর আরোপিত কড়াকড়ি ও স্থবিরতা সম্পর্কে সরকার পূর্ণ অবগত রয়েছে।
যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই ভিসা সংকট দ্রুত নিরসনে মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ প্রেক্ষাপটে মন্ত্রী দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সম্পূরক ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ভিসা চালুর জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ, বিদেশগমনেচ্ছু কর্মীদের মান উন্নয়ন, প্রবাসী কার্ড নিশ্চিতকরণ, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, দেশের হাসপাতালে প্রবাসীদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা, প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ, সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগ প্রদানসহ সার্বিক বিষয়ে তাদের দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
logo-1-1740906910.png)