কুয়েতে প্যান্টের বেল্টে স্বর্ণ, বিমানবন্দরে আটক দুই প্রবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:১৭
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ বেল্টের বাকল ও ব্রেসলেটের আড়ালে স্বর্ণ পাচারের দুটি চেষ্টা ব্যর্থ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুই এশীয় প্রবাসীকে আটক করা হয়েছে। দুই যাত্রীর কাছ থেকে মোট ৮৫৫ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দর থেকে যাত্রার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালান। প্রথম যাত্রীর কাছ থেকে ৩৫৩ গ্রাম খাঁটি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণটি বেল্টের বাকলের আকৃতিতে তৈরি করে কালো রঙের প্রলেপ দেওয়া হয়েছিল, যাতে সহজে শনাক্ত করা না যায়।
অন্য যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৫০২ গ্রাম স্বর্ণ। পাশাপাশি ১৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট রুপার প্রলেপ দিয়ে অন্য ধাতুর তৈরি বলে দেখানোর চেষ্টা করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাটিকে কুয়েতে প্রবেশ বা দেশ ছাড়ার সময় মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে প্রবাসী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)