Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ আগস্ট ২০২৬

সৌদির জুবাইলে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৩৪

সৌদির জুবাইলে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প

বাহরাইন

বাহরাইনে মহানবীর (সা.) জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা

বাহরাইনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লালামের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ আগস্ট ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে এই ছুটি ঘোষণা করেছেন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। দিনটি উপলক্ষে বাহরাইনজুড়ে দেশটির সব মন্ত্রণালয়, সরকারি অফিস, সংস্থা ও সব জনসেবা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটি দিনটিকে ঘিরে বাহরাইনের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে দিন কাটাবেন। মসজিদে মসজিদে বা ঘরে ইবাদত-বন্দেগী, কুরআন তিলাওয়াত করবেন নাগরিক ও বাসিন্দারা। শুধু বাহরাইন নয়, মধ্যপ্রাচ্যের সব দেশে এবং মুসলিম উম্মার সব দেশে বিপুল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনটিতে মুসলিম বিশ্বের সব দেশেই সরকারি ছুটি থাকবে।  


সৌদি আরব

সৌদির জুবাইলে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প

সৌদি আরবের জুবাইলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। ই-পাসপোর্টের অতিরিক্ত চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ২২ ও ২৩ আগস্ট জুবাইলের আল-জাহরা রাবিয়া, যা তাহলিয়ার উল্টো পাশের এলাকায় এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। দূতাবাসের ১৮ আগস্টের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কনস্যুলার ক্যাম্পে শুধুমাত্র জুবাইলে বসবাসরত প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে। জুবাইলের বাইরে অন্য কোনো শহর থেকে আসা সেবাপ্রার্থীদের এ ক্যাম্পে ই-পাসপোর্ট সেবা দেওয়া সম্ভব হবে না। এছাড়া দাম্মাম থেকে কোনো সেবাপ্রার্থীকে জুবাইলে না আসার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। দাম্মাম থেকে কেউ জুবাইলে এলেও তার ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দাম্মামে বসবাসরত প্রবাসীদের জন্য ১৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দাম্মামের প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে। দূতাবাস এ উদ্যোগে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে। সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত এলাকার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে মিসাইল সতর্কতা, প্রবাসীদের থাকতে হবে সতর্ক

দীর্ঘদিনের বিরতির পর ১৮ আগস্ট আমিরাতে মিসাইল সতর্কতা জারি হয়। ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে সাগরে পড়ে। এ ঘটনায় স্থলভাগে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার মধ্যে আমিরাতে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো জরুরি সতর্কবার্তা পেলে দ্রুত ঘরের ভেতর বা নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং সরকারি ‘অল ক্লিয়ার’ বার্তা না পাওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে। জানালা, কাচের দেয়াল, বারান্দা, ছাদ ও খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে। ভবনের ভেতরে থাকলে জানালা ও বাইরের দেয়াল থেকে দূরের কক্ষ, করিডোর বা নিরাপদ স্থানে অবস্থান করা উচিত। বাইরে থাকলে দ্রুত কাছের নিরাপদ ভবনে যেতে হবে। মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে পেলে কাছে যাওয়া, স্পর্শ করা বা ছবি তোলা যাবে না। নিরাপদ দূরত্বে সরে গিয়ে কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া হামলা, বিস্ফোরণ বা আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। 


ওমান

ওমানে অবৈধ মানিট্রান্সফার, এক এশীয় প্রবাসী আটক

ওমানে প্রবাসীদের ঘিরে পৃথক দুটি ঘটনায় সতর্ক হওয়ার মতো তথ্য দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। আল বুরাইমিতে লাইসেন্সবিহীন অ্যাপ ব্যবহার করে প্রবাসী শ্রমিকদের আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের অভিযোগে এক এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আর্থিক লাভের উদ্দেশ্যে একদল প্রবাসী শ্রমিকের হয়ে এ কাজ করছিলেন তিনি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে ধোফার গভর্নরেটের পুলিশ কমান্ডের মাদকবিরোধী বিভাগ ৬৫ কেজির বেশি ক্রিস্টাল মেথসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের একজন ইয়েমেনি এবং অন্যজন এশীয় নাগরিক। মাদক পাচার ও সেবনের উদ্দেশ্যে এসব মাদক রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। দুটি ঘটনাই ওমানে বসবাসরত বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো অনুমোদনহীন কোনো অ্যাপ বা ব্যক্তির মাধ্যমে আন্তর্জাতিক অর্থ লেনদেন না করে বৈধ ও অনুমোদিত ব্যাংকিং বা মানি ট্রান্সফার চ্যানেল ব্যবহার করা উচিত। অন্যের হয়ে অর্থ পাঠানোর ক্ষেত্রেও আইনি ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। একইভাবে অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক প্যাকেট, ব্যাগ কিংবা মালামাল বহন করা থেকে বিরত থাকতে হবে। কারো প্রস্তাবে মাদক বহন বা সংরক্ষণে জড়ালে গুরুতর আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে। 


কাতার

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার কাতারের দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে কাতার সফরে থাকা ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। বৈঠকে কাতার ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। এর আগে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে, কাতারের স্টেট মিনিস্টার ফর এনার্জি অ্যাফেয়ার্স ইঞ্জিনিয়ার সাদ বিন শেরিদা আল-কাবি ও দেশটির অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারিওর সাথেও বৈঠক করেন ড. খলিল।  


কুয়েত

কুয়েতে প্যান্টের বেল্টে স্বর্ণ, বিমানবন্দরে আটক দুই প্রবাসী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ বেল্টের বাকল ও ব্রেসলেটের আড়ালে স্বর্ণ পাচারের দুটি চেষ্টা ব্যর্থ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুই এশীয় প্রবাসীকে আটক করা হয়েছে। দুই যাত্রীর কাছ থেকে মোট ৮৫৫ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দর থেকে যাত্রার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালান। প্রথম যাত্রীর কাছ থেকে ৩৫৩ গ্রাম খাঁটি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণটি বেল্টের বাকলের আকৃতিতে তৈরি করে কালো রঙের প্রলেপ দেওয়া হয়েছিল, যাতে সহজে শনাক্ত করা না যায়। অন্য যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৫০২ গ্রাম স্বর্ণ। পাশাপাশি ১৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট রুপার প্রলেপ দিয়ে অন্য ধাতুর তৈরি বলে দেখানোর চেষ্টা করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাটিকে কুয়েতে প্রবেশ বা দেশ ছাড়ার সময় মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে প্রবাসী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। 

Logo