ওমরাহ গিয়ে ভিক্ষা না করতে পাকিস্তানি নাগরিকদের সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১৬
সৌদি আরবে হজ ও ওমরাহ পালনে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত লঙ্ঘন না করতে নাগরিকদের সতর্ক করেছে পাকিস্তান। ১৬ আগস্ট সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস এ সতর্কতা জারি করে।
দূতাবাস জানিয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িত হলে গ্রেপ্তার, আটক এবং সৌদি আরব থেকে বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। সতর্কবার্তার অংশ হিসেবে দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ একজনকে গ্রেপ্তার করছে।
দূতাবাস জানিয়েছে, পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত অর্থ সংগ্রহের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। ফলে পাকিস্তানি নাগরিকদের অননুমোদিত কোনো স্থানীয় সেবা গ্রহণ বা প্রদানের পাশাপাশি অবৈধভাবে অর্থ সংগ্রহ থেকেও বিরত থাকতে হবে। আর্থিক সহায়তা বা অর্থ সংগ্রহের প্রয়োজন হলে তা অবশ্যই বৈধ পদ্ধতিতে করতে হবে।
দূতাবাস আরো জানিয়েছে, ভিসার মেয়াদ ও শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান করা যাবে না। একইভাবে ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কর্মকাণ্ডের বাইরে কোনো কাজে যুক্ত হওয়া যাবে না।
সৌদি আরবে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর ঘটনা নতুন নয়। এ সমস্যা ঠেকাতে পাকিস্তান সরকার এর আগেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এমনকি ওমরাহ যাওয়ার আগে ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না— এমন মুচলেকাও নেওয়া হয়েছে। এরপরও কিছু পাকিস্তানি নাগরিক সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের একটি বড় অংশ পাকিস্তানি নাগরিক। এ নিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে একাধিকবার সতর্ক করেছে।
logo-1-1740906910.png)