কুয়েতের ফাহাহিল এলাকায় আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৭৪ জন প্রবাসী ও পলাতক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। ১৭ আগস্ট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন ও রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সহযোগিতায় ফাহাহিলের শিল্পাঞ্চল ও বাণিজ্যিক বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারী এবং বিভিন্ন মামলায় বা পরোয়ানায় থাকা ব্যক্তিদের শনাক্ত ও আটক করা।
অভিযানে বৈধ আবাসন বা কাজের অনুমতিসংক্রান্ত নিয়ম লঙ্ঘনকারী, গৃহকর্মী হিসেবে নিবন্ধিত হয়েও সংশ্লিষ্ট নিয়ম ভঙ্গকারী, পলাতক হিসেবে তালিকাভুক্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আটক করা হয়। আটক ৭৪ জনের মধ্যে ৩৬ জন বেসরকারি খাতে কাজের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করেছেন, ৩০ জন গৃহকর্মীসংক্রান্ত আবাসন ও শ্রমবিধি ভঙ্গ করেছেন এবং তাদের মধ্যে ৬ জন পলাতক হিসেবে তালিকাভুক্ত ছিলেন ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আটক সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলো পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এসব গ্রেপ্তারে প্রবাসী বাংলাদেশিরা আছেন কিনা, তা জানানো হয়নি।
logo-1-1740906910.png)