সম্প্রতি সৌদি আরবে বেসরকারি খাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশাগুলোতে ৭০ শতাংশ সৌদিকরণ বা সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশায় কমপক্ষে তিনজন কর্মী রয়েছেন, সেসব প্রতিষ্ঠানে ওই পেশাগুলোর মোট কর্মীর ৭০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। এর আওতায় রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদ। সৌদি স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন্স অনুযায়ী এসব পেশা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্তের আওতায় কোন কোন পেশা থাকবে, সৌদিকরণের হার কীভাবে হিসাব হবে এবং প্রতিষ্ঠানগুলোকে কী কী নিয়ম মানতে হবে— এসব বিস্তারিত জানিয়ে একটি প্রক্রিয়াগত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। সৌদি নাগরিকদের জন্য বিশেষায়িত পেশায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, জাতীয় দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানোই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে জানানো হয়েছে। দেশটির ভিশন ২০৩০ ও শ্রমবাজার কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বিশেষায়িত পেশায় ধাপে ধাপে সৌদিকরণ বাড়ানো হচ্ছে।
logo-1-1740906910.png)