মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ আগস্ট ২০২৬
ওমানে বাংলাদেশ দূতাবাস যাবে নতুন ঠিকানায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:০০
বাহরাইন
বাহরাইনে রেস্টুরেন্ট কর্মীকে ছিনতাই, এক আফ্রিকানকে ধরল পুলিশ
বাহরাইনের রাজধানী গভর্নরেটে ছুরি দেখিয়ে এক রেস্টুরেন্ট কর্মীকে লুটের অভিযোগে এক আফ্রিকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী হুরা পুলিশ স্টেশনে অভিযোগ করার পর ঘটনার তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনকে শনাক্ত করে।পরে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়। মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হলে সেখানে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তারা লুটের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ হিসেবে নজরদারি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি ওই রেস্টুরেন্টকর্মীকে ছুরি দেখিয়ে লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন। একই সঙ্গে অভিযুক্ত আরো কয়েকটি একই ধরনের লুটের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে। তার স্বীকারোক্তি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে এসব ছিনতাইয়ের ঘটনায় সেই আফ্রিকান ব্যক্তি একাই জড়িত নাকি এর পেছনে আর অন্য কোনো গোষ্ঠী আছে কিনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সন্দেহভাজনকে হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলাটি আদালতে তোলা হবে।
সৌদি আরব
সৌদিতে বেসরকারি খাতে সৌদিকরণ কার্যকর
সম্প্রতি সৌদি আরবে বেসরকারি খাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশাগুলোতে ৭০ শতাংশ সৌদিকরণ বা সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশায় কমপক্ষে তিনজন কর্মী রয়েছেন, সেসব প্রতিষ্ঠানে ওই পেশাগুলোর মোট কর্মীর ৭০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। এর আওতায় রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদ। সৌদি স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন্স অনুযায়ী এসব পেশা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্তের আওতায় কোন কোন পেশা থাকবে, সৌদিকরণের হার কীভাবে হিসাব হবে এবং প্রতিষ্ঠানগুলোকে কী কী নিয়ম মানতে হবে— এসব বিস্তারিত জানিয়ে একটি প্রক্রিয়াগত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। সৌদি নাগরিকদের জন্য বিশেষায়িত পেশায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, জাতীয় দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানোই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে জানানো হয়েছে। দেশটির ভিশন ২০৩০ ও শ্রমবাজার কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বিশেষায়িত পেশায় ধাপে ধাপে সৌদিকরণ বাড়ানো হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে উল্টো দিকে ড্রাইভিং, জরিমানা ১ লাখ দিরহাম
আবুধাবিতে সড়কের উল্টো পথে গাড়ি চালানোর দায়ে এক চালককে ছয় মাসের জেল ও ১ লাখ দিরহাম জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তার গাড়ি জব্দ এবং ড্রাইভিং লাইসেন্স তিন বছরের জন্য স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিযুক্ত চালক এমনভাবে গাড়ি চালিয়েছেন, যা সড়কে চলাচলকারী অন্যান্য চালক ও পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছিল। উল্টো পথে গাড়ি চালানোকে সংযুক্ত আরব আমিরাতে গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এতে মুখোমুখি সংঘর্ষসহ প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা থাকে। আদালত মামলার নথি ও সংশ্লিষ্ট প্রমাণ পর্যালোচনা করে চালককে কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি গাড়ি জব্দ এবং লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে উল্টো পথে গাড়ি চালানো, বেপরোয়া গতি ও অন্যদের জীবন ঝুঁকিতে ফেলে এমন আচরণকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত লেন ও দিক অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।
ওমান
ওমানে বাংলাদেশ দূতাবাস যাবে নতুন ঠিকানায়
ওমানের রাজধানী মাসকাটের বাংলাদেশ দূতাবাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চলে যাবে নতুন ঠিকানায়। মাসকাটের শাতি আল কুরুমকে থাকা বর্তমান দূতাবাসের নতুন ঠিকানা হবে বাউসের এলাকার আল সুরুজে। মাসকাটের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলাপে মাইগ্রেশন কনসার্ন জানতে পেরেছে, দূতাবাসের নতুন ঠিকানা হবে, মাসকাটের বাউসের, আল সুরুজের সড়ক নম্বর ৩০৪০, প্লট নম্বর ৫৪৬ ইউনিট নম্বর এক ও দুই, ভিলা নম্বর ৩১২৬ এ ও বি। তবে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিন তারিখ এখনো ঠিক হয়নি। বাংলাদেশ দূতাবাসের নতুন ঠিকানায় দুই ভিলা ভাড়া নেওয়ায় সেখানে থাকবে ওমান প্রবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। থাকবে পর্যাপ্ত ওয়াশ রুম, নারীদের জন্য আলাদা কাউন্টার, ব্রেস্ট ফিডিং জোন, কিউ ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ারকন্ডিশন ওয়ালা ওয়েটিং রুমসহ আরো সুপরিসর সুযোগ সুবিধা। মাসকাট বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি আগস্ট মাস এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আল সুরুজের নতুন ঠিকানায় ওঠার আগ পর্যন্ত বর্তমান ঠিকানাতেই যথা নিয়মেই কাজ চলবে, সেবা পাবেন ওমান প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েত
কুয়েতে ইকামা নিয়ম ভঙ্গ, ৭৫ জন প্রবাসী আটক
কুয়েতের ফাহাহিল এলাকায় আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৭৪ জন প্রবাসী ও পলাতক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। ১৭ আগস্ট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন ও রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সহযোগিতায় ফাহাহিলের শিল্পাঞ্চল ও বাণিজ্যিক বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারী এবং বিভিন্ন মামলায় বা পরোয়ানায় থাকা ব্যক্তিদের শনাক্ত ও আটক করা। অভিযানে বৈধ আবাসন বা কাজের অনুমতিসংক্রান্ত নিয়ম লঙ্ঘনকারী, গৃহকর্মী হিসেবে নিবন্ধিত হয়েও সংশ্লিষ্ট নিয়ম ভঙ্গকারী, পলাতক হিসেবে তালিকাভুক্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আটক করা হয়। আটক ৭৪ জনের মধ্যে ৩৬ জন বেসরকারি খাতে কাজের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করেছেন, ৩০ জন গৃহকর্মীসংক্রান্ত আবাসন ও শ্রমবিধি ভঙ্গ করেছেন এবং তাদের মধ্যে ৬ জন পলাতক হিসেবে তালিকাভুক্ত ছিলেন ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আটক সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলো পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এসব গ্রেপ্তারে প্রবাসী বাংলাদেশিরা আছেন কিনা, তা জানানো হয়নি।
logo-1-1740906910.png)